অপহূত দুই ছাত্রী উদ্ধার হয়নি আজও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অপহরণের পর দেড় মাস পেরিয়ে গেলেও জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার এক স্কুলছাত্রীকে পুলিশ উদ্ধার করতে পারেনি। ওই ঘটনায় করা মামলার এক আসামিকে পুলিশ গ্রেপ্তার করেছে। এদিকে রংপুরের তারাগঞ্জ উপজেলায় প্রায় এক মাস আগে এক স্কুলছাত্রীকে অপহরণ করা হয়। পুলিশ এখনো পর্যন্ত তাকে উদ্ধার ও মামলার কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি।ক্ষেতলাল থানা ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত ১৩ ফেব্রুয়ারি উপজেলার বড়াইল গ্রামের নবম শ্রেণীর এক ছাত্রী (১৪) বিদ্যালয়ে যাচ্ছিল। এ সময় তিনমাথা এলাকার কাছ থেকে দুর্বৃত্তরা তাকে অপহরণ করে। এরপর ১৬ ফেব্রুয়ারি ওই ছাত্রীর বাবা ক্ষেতলাল থানায় দুজনকে আসামি করে মামলা করেন। ১৮ ফেব্রুয়ারি পুলিশ মামলার আসামি ওই গ্রামের কামরুল হাসানকে গ্রেপ্তার করে। মূল আসামি একই গ্রামের জনি মণ্ডলকে পুলিশ এখন পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি। ওই ছাত্রীর বাবা বলেন, অপহরণকারীরা হত্যার পর তাঁর মেয়ের লাশ গুম করেছে বলে তিনি ধারণা করছেন। প্রায় দেড় মাস পার হলেও পুলিশ তাঁর মেয়ের সন্ধান পায়নি।ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রমজান আলী বলেন, ওই ছাত্রীকে উদ্ধারের চেষ্টা চলছে। এক সপ্তাহের মধ্যেই তাকে উদ্ধার করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।তারাগঞ্জ থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ইকরচালী উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ওই ছাত্রীকে স্কুলে যাতায়াতের পথে উত্ত্যক্ত করতেন মাটিয়ালপাড়া গ্রামের আনোয়ারুল হক (২২)। গত ৯ মার্চ স্কুলে যাওয়ার পথে মেনানগর-ইকরচালী রাস্তার বটেরতল এলাকা থেকে ওই ছাত্রী অপহূত হয়। এর পরদিন ওই ছাত্রীর বাবা আনোয়ারুলসহ কয়েকজনকে আসামি করে মামলা করেন। এরপর ২৪ দিন পেরিয়ে গেলেও পুলিশ ওই ছাত্রীকে উদ্ধার ও মামলার আসামিকে গ্রেপ্তার করতে পারেনি। তারাগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) কে এম জগলুল বলেন, ওই ছাত্রীকে উদ্ধার ও আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।