অপহূত দুই জেলে উদ্ধার তিনজন আটক
বলেশ্বর নদসংলগ্ন বরগুনার পাথরঘাটা উপজেলার লালদিয়া চরের বনের খাল থেকে মো. জয়নাল ও বেলায়েত হোসেন নামের অপহূত দুই জেলেকে উদ্ধার করেছেন জেলেরা। এ সময় জলদস্যু সন্দেহে তিন ব্যক্তিকে আটক করা হয়।
গত শুক্রবার রাতে বলেশ্বর নদের মোহনা থেকে দুই লাখ টাকা মুক্তিপণের দাবিতে পদ্মা গ্রামের ওই দুই জেলেকে অপহরণ করা হয়। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে অপহরণের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পাথরঘাটা সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আসাদুজ্জামান।
পাথরঘাটা থানা সূত্রে জানা গেছে, জেলেদের হাতে জলদস্যু সন্দেহে আটক তিন ব্যক্তি হলেন আ. রাজ্জাক, আ. ছালাম ও আবু মুছা। তাঁদের বাড়ি বরগুনার পাথরঘাটার পদ্মা গ্রামে। ওই একই গ্রামের আরও পাঁচ ব্যক্তিকে আসামি করে স্থানীয় খলিলুর রহমান বাদী হয়ে গত শনিবার রাতে পাথরঘাটা থানায় মামলা করেছেন। মামলার আসামিরা হলেন রুবেল, আ. রহিম, হাসান, জামাল ও আ. মালেক।
পদ্মা গ্রামের জাহাঙ্গীর আলমের বরাত দিতে পাথরঘাটা সদর ইউপির গ্রাম পুলিশ হারুন অর রশীদ জানান, শুক্রবার রাতে বলেশ্বর নদের মোহনা থেকে জেলে মো. জয়নাল ও বেলায়েত হোসেনকে অপহরণ করে দস্যু বাহিনী। আটক তিনজনকে শনিবার সন্ধ্যায় পাথরঘাটা থানায় সোপর্দ করেন জেলেরা।
পাথরঘাটা থানার উপপরিদর্শক সাইদুল ইসলাম বলেন, আটক তিন ব্যক্তিকে অপহরণ মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে।