অপহূত দুই ব্যক্তি উদ্ধার, গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের রাজারহাট ইউনিয়ন পরিষদের (ইউপি) অপহূত দুই কর্মচারীকে গত রোববার রাতে রংপুর শহরের পূর্ব শালবন এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে পুলিশ ওই শহরের জাহাজ কোম্পানির মোড় থেকে অপহরণকারী চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, রাজারহাট ইউপির দুই কর্মচারীকে অপহরণ করার পর রাজারহাট উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থীর কাছে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। অপহরণকারীরা একটি বিকাশ নম্বরে টাকা পাঠাতে বলে। পুলিশের নির্দেশনা অনুযায়ী, ওই প্রার্থী নম্বরটিতে তিন কিস্তিতে ৬০ হাজার টাকা দেন। রোববার রাত সাড়ে ১০টার দিকে রংপুর শহরের জাহাজ কোম্পানি মোড়ে বিকাশ এজেন্টের কাছ থেকে ওই নম্বরে পাঠানো টাকা তুলতে যায় অপহরণকারী চক্রের মূল হোতা মো. মর্তুজা ও ময়নুল হাসান। এ সময় পুলিশ তাদের গ্রেপ্তার করে। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে শহরের পূর্ব শালবন এলাকার আখেরুজ্জামানের ভাড়া বাসা থেকে অপহূত দুই ব্যক্তিকে পুলিশ উদ্ধার করে।
রাজারহাট উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মো. এনামুল হকের পক্ষে প্রচার চালানোর জন্য রাজারহাট ইউপির কর্মচারী পুনকর গ্রামের দামুদরের ছেলে লিটন চন্দ্র রায় (২৮) ও চান্দামারী গ্রামের আবদুল হামিদের ছেলে শাহাজাহান আলী (৩০) ১৪ ফেব্রুয়ারি ছিনাই ইউনিয়নের বকুলতলা এলাকায় যান। সন্ধ্যায় একটি মাইক্রোবাসে করে আসা সন্ত্রাসীরা অস্ত্রের মুখে তাঁদের অপহরণ করে নিয়ে যায়।