অপহূত পাঁচ বাংলাদেশিকে মুক্ত করতে সহায়তা দেবে আফগানিস্তান
মাজার-ই-শরিফে অপহূত পাঁচ বাংলাদেশির মুক্তির জন্য প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে আফগানিস্তান।একদল সশস্ত্র আফগান দুষ্কৃতকারী ১৭ ডিসেম্বর রাতে মাজার-ই-শরিফে দক্ষিণ কোরিয়ার অবকাঠামো নির্মাণপ্রতিষ্ঠান সেমহোয়ান করপোরেশনের অস্থায়ী শিবিরে হামলা চালিয়ে এক বাংলাদেশিকে হত্যা এবং সাতজনকে অপহরণ করে। অপহূত ব্যক্তিদের মধ্য থেকে দুজনকে গত রোববার ছেড়ে দেওয়া হয়।পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল সোমবার এক বিজ্ঞপ্তিতে জানায়, অপহূত পাঁচ বাংলাদেশির মুক্তির জন্য প্রয়োজনীয় সহযোগিতা দিতে আফগান সরকারকে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানায়। ওই অনুরোধের পরিপ্রেক্ষিতে আফগানিস্তানের পক্ষ থেকে জানানো হয়েছে, বাংলাদেশিদের নিরাপদে উদ্ধারের জন্য সম্ভাব্য সব ধরনের সহযোগিতা দেওয়া হবে।এদিকে উজবেকিস্তানে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের বরাত দিয়ে ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, অপহূত পাঁচ বাংলাদেশি সুস্থ আছেন এবং তাঁদের গত রাত পর্যন্ত মাজার-ই-শরিফে রাখা হয়েছে। জিম্মিদের মুক্ত করতে এবং নিহত প্রকৌশলী কাজী আলতাফ হোসেনের লাশ দেশে ফিরিয়ে আনতে দূতাবাসের পক্ষ থেকে আফগান কর্তৃপক্ষ ও সেমহোয়ানের কাবুল কার্যালয়ের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে।১৭ ডিসেম্বর রাতে হামলার সময় ওই শিবিরে থাকা ১৭ জন বাংলাদেশির অপর নয়জন পালিয়ে যান। দুষ্কৃতকারীদের গুলিতে ঘটনাস্থলে প্রাণ হারান অ্যাসফল্ট প্লান্টে কর্মরত ডিপ্লোমা প্রকৌশলী কাজী আলতাফ।