অপহূত বাংলাদেশি কিশোর পশ্চিমবঙ্গে উদ্ধার
বাংলাদেশ থেকে অপহূত হওয়া হেলাল হোসেন (১১) নামের এক কিশোরকে গত সোমবার ভারতের পশ্চিমবঙ্গের পুলিশ উদ্ধার করেছে।জানা গেছে, হেলালের বাড়ি বরগুনা জেলার উত্তর ইটবাড়িয়া গ্রামে। তার বাবা মজিবর রহমানের সঙ্গে মেহেরপুর সীমান্তসংলগ্ন পশ্চিমবঙ্গের নদীয়া জেলার কবিরাজ ডালিম বিশ্বাসের পূর্বপরিচয় ছিল। এ সুবাদে ডালিম বিশ্বাস গত বছরের ফেব্রয়ারি মাসে হেলাল ও তার মা শিউটি বেগমকে নদীয়ায় বেড়াতে নিয়ে যান।তিন মাস পর ডালিম শিউটিকে দেশে ফেরত পাঠালেও হেলালকে জিম্মি করেন। এ সময় হেলালের পরিবারের কাছে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। এই ঘটনায় শিউটি বেগম কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনে হেলালকে উদ্ধারে আবেদন জানান। পরে গত সোমবার পুলিশের সহায়তায় সিআইডির সদস্যরা নদীয়ার তেহট্ট থানার সাহাপুর থেকে হেলালকে উদ্ধার করেন। এ সময় ডালিম ও তাঁর ছেলে কুশি বিশ্বাসকে গ্রেপ্তার করা হয়। কলকাতা উপ-হাইকমিশনের সচিব আবুল হাসান মৃধা জানান, হেলালকে বাংলাদেশে ফেরত পাঠানোর ব্যবস্থা নেওয়া হয়েছে।