অপহূত বোনকে উদ্ধার করতে এসে ভাই খুন
অপহূত বোনকে উদ্ধার করতে এসে অপহরণকারীর ছুরিকাঘাতে প্রাণ হারালেন সাঈদ মোহাম্মদ আমির হামজা (২০) নামের এক তরুণ। গতকাল মঙ্গলবার বিকেলে ঢাকার সাভারের জনবহুল এলাকা বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে। সাঈদ মোহাম্মদ নোয়াখালীর হাতিয়ার পশ্চিম লক্ষ্মীদিয়া গ্রামের সাইফুদ্দিন মুহুরির ছেলে। তিনি গাজীপুর বোর্ডবাজারের একটি পোশাক কারখানায় চাকরি করতেন। সাভার মডেল থানার পুলিশ জানায়, গত শুক্রবার ইকবাল হোসেন নামের এক তরুণ চট্টগ্রাম থেকে সাঈদের ছোট বোনকে (১২) অপহরণ করে সাভারের হেমায়েতপুরে নিয়ে আসেন। এরপর তাকে হেমায়েতপুরের ঋষিপাড়া এলাকায় জনৈক আনসার আলীর বাসায় আটকে রেখে বিয়ে করার চেষ্টা করেন। আনসার আলীর সঙ্গে ইকবালের আগেই পরিচয় ছিল। বিষয়টি জানতে পেরে আনসার আলীর ভাই হাসমত আলী তাতে বাধা দেন এবং মেয়েটিকে তাঁর হেফাজতে রাখেন। পরে হাসমত মুঠোফোনে মেয়েটির বাবাকে বিষয়টি জানান। হাসমতের কথামতো সাঈদ মোহাম্মদ তাঁর বন্ধু শরিফুলকে নিয়ে গতকাল বোনকে উদ্ধারের জন্য গাজীপুর থেকে সাভারে আসেন। পুলিশ জানায়, হাসমতের কথামতো তাঁরা সাভার বাসস্ট্যান্ডে ওভারব্রিজের ওপর অপেক্ষা করছিলেন। বিকেল সাড়ে পাঁচটার দিকে ইকবাল সেখানে উপস্থিত হয়ে সাঈদকে ছুরি দিয়ে আঘাত করে দৌড়ে পালিয়ে যান। শরিফুলসহ স্থানীয়রা হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। পরে পুলিশ হেমায়েতপুর থেকে মেয়েটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। এর আগেই আনসার ও হাসমত গা ঢাকা দেন।মেয়েটি জানায়, তার ভাই সাঈদ ও বড় বোন এবং ইকবাল চট্টগ্রামের ম্যানস অ্যাপারেলস নামের একটি পোশাক কারখানায় একসঙ্গে চাকরি করতেন। সেখান থেকেই ইকবালের সঙ্গে তার পরিচয়। সেখানে কর্মরত অবস্থায় মুঠোফোন নিয়ে ইকবালের সঙ্গে তার ভাইয়ের ঝগড়া হয়। এর কয়েক মাস পর তার ভাই গাজীপুরে এসে চাকরি নেন। কিন্তু ইকবাল চট্টগ্রামেই ছিলেন।মেয়েটি জানায়, সে গত বৃহস্পতিবার চট্টগ্রামে বোনের বাসায় বেড়াতে আসে। বিষয়টি জানতে পেরে ইকবাল গত শুক্রবার বেড়ানোর কথা বলে তাকে ফোন করে বাসা থেকে নিয়ে আসে। এর পর বন্ধুদের সহায়তায় হত্যার ভয় দেখিয়ে তাকে সাভারে এনে আটকে রাখে। সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল বলেন, আগের শত্রুতার জের ধরে সাঈদকে সাভার আনার জন্যই ইকবাল কৌশলে তাঁর ছোট বোনকে অপহরণ করে সাভারে নিয়ে আসেন। এরপর বোনকে ফিরিয়ে দেওয়ার টোপে ফেলে তাঁকে খুন করেন। তিনি জানান, ইকবাল একসময় সাভারে চাকরি করতেন। সে সময় তিনি আনসার আলীকে ‘ধর্ম বাবা’ ডেকেছিলেন। সেই সম্পর্কের সূত্র ধরেই আনসার তাঁকে আশ্রয় দিয়েছিলেন।