অপহূত ব্যবসায়ী ১২ দিনেও উদ্ধার হননি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের পীরগাছা উপজেলায় ১২ দিনেও অপহূত ব্যবসায়ী আনোয়ার হোসেনকে (৩৮) উদ্ধার করতে পারেনি পুলিশ। অপহূত ব্যবসায়ীর স্ত্রী মাহিতন বেগম ১৯ সেপ্টেম্বর পীরগাছা থানায় একটি অপহরণ মামলা করেন।
মামলার এজাহারে বলা হয়েছে, উপজেলার অনন্তরাম মাছুয়াপাড়া গ্রামের আনোয়ার হোসেন স্ত্রীকে নিয়ে দীর্ঘদিন ধরে ঢাকায় ঝুটের ব্যবসা করে আসছিলেন। সম্প্রতি তিনি গ্রামের বাড়িতে এসে স্থায়ীভাবে বসবাসের জন্য পাকাঘর নির্মাণের পরিকল্পনা করেন। তিনি ১৭ সেপ্টেম্বর বেলা ১০টার দিকে বাড়ির নির্মাণসামগ্রী কেনার জন্য এক লাখ ৩০ হাজার টাকা নিয়ে বাড়ি থেকে ভ্যানে করে পীরগাছা বাজারের উদ্দেশে বের হন। এ সময় পীরগাছা রেলওয়ে স্টেশনের দক্ষিণ রেলগেটে একদল সন্ত্রাসী তাঁকে মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। এজাহারে উপজেলার অনন্তরাম চরকতলা গ্রামের তাজুল ইসলাম, জাহাঙ্গীর আলম, ডালিয়া বেগম ও আজিম উদ্দিনকে আসামি করা হয়।