অপহূত ব্যবসায়ী উদ্ধার
মাছের ঘেরে ব্যবসার কথা বলে মাদারীপুরে নিয়ে আসা ঢাকার কারওয়ান বাজারের মাছের আড়তদার নাদিরুজ্জামানকে গত শনিবার দুপুরে একটি দুর্গম চর থেকে উদ্ধার করেছে পুলিশ। গত ২৮ ফেব্রুয়ারি তাঁকে কৌশলে অপহরণ করা হয়। এরপর মুঠোফোনে ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারী চক্র।জেলা পুলিশ, উদ্ধারকৃত ব্যক্তি ও সংশ্লিষ্ট সূত্র জানায়, ঢাকার কারওয়ান বাজারের মাছের আড়ত ‘আল্লাহ ভরসা’র আড়তদার রামপুরার পশ্চিম হাজীপাড়া এলাকার বাসিন্দা নাদিরুজ্জামানকে (৭৩) কালকিনিতে মাছের ঘেরে ব্যবসার কথা বলে নিয়ে আসেন পিরোজপুরের রতন মোল্লা ও নূরে আলম নামের দুই ব্যক্তি। ঢাকা থেকে আসার পর তাঁকে মাদারীপুর শহরের কুলপদ্বী এলাকার কামাল এবং কালকিনি উপজেলার সিডিখান গ্রামের ইয়ামিন বেপারী ও শহীদের কাছে হস্তান্তর করা হয়। রাত নয়টার দিকে তাঁরা নাদিরুজ্জামানকে কালকিনির সাহেবরামপুর ইউনিয়নের উত্তর আন্ডারচর গ্রামের দুর্গম চরে নিয়ে যান। সেখানে তাঁকে আটকে রাখা হয়। এরপর নাদিরুজ্জামানের পরিবারের কাছে মুঠোফোনে ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। নাদিরুজ্জামানের পরিবার বিষয়টি পুলিশকে জানায়।কালকিনি থানা সূত্রে জানা গেছে, পুলিশের একটি দল আন্ডারচর বশীর আহমেদের বাড়ি থেকে অপহূতকে উদ্ধার করে। গৃহকর্তা বশীর আহমেদের স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। সেখানে অপহরণের সঙ্গে জড়িত কাউকেই পাওয়া যায়নি।মাদারীপুরের পুলিশ সুপার (এসপি) সরদার তমিজউদ্দিন আহমেদ জানান, খবর পাওয়ামাত্রই অভিযান চালিয়ে অপহূতকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনার পেছনে বিশাল একটি সংঘবদ্ধ চক্র কাজ করেছে। অবিলম্বে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে করা হবে।