অপহূত ব্যবসায়ী উদ্ধার একজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলা থেকে অপহূত শহিদুল ইসলাম নামের এক ব্যবসায়ীকে উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার লক্ষ্মীপুর গ্রাম থেকে পুলিশ তাঁকে উদ্ধার করে। এ সময় ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে এনামুল হক নামের এক ব্যক্তিকে আটক করা হয়। হরিণাকুণ্ডু থানার ওসি আবুল খায়ের জানান, চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার জামজামি গ্রামের ভাদু মণ্ডলের ছেলে শহিদুল ইসলাম ব্যবসায়ী কাজে ১৭ জুলাই ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার তৈলটুপি গ্রামের বিশ্বাস ইটভাটায় যান। সেখানে কাজ শেষে বিকেলে বাড়ি ফেরার সময় ওই ইটভাটার পাশ থেকে সন্ত্রাসীরা তাঁকে অপহরণ করে নিয়ে যায়। এরপর থেকে সন্ত্রাসীরা মুঠোফোনে শহিদুলের পরিবারের কাছে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে আসছিল। শহিদুলের পরিবার বিষয়টি পুলিশকে জানায়। গতকাল সকালে হরিণাকুণ্ডু থানা পুলিশ মুক্তিপণ দেওয়ার নামে ফাঁদ পেতে উপজেলার লক্ষ্মীপুর গ্রামের একটি বাড়িতে অভিযান চালায়। সেখানে একটি ঘরের মধ্যে হাত-পা ও চোখ বাঁধা অবস্থায় শহিদুল ইসলামকে উদ্ধার করা হয়। একই সঙ্গে ঘটনাস্থলে থেকে এনামুল হক নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। এ সময় ওই বাড়ির মালিকসহ অন্য অপহরণকারীরা পালিয়ে যান। এনামুল হকের বাড়ি আলমডাঙ্গা উপজেলার আনন্দবাঁশ গ্রামে। তাঁর সঙ্গে আরও বেশ কয়েকজন সন্ত্রাসী অপহরণের সঙ্গে জড়িত বলে তিনি পুলিশের কাছে স্বীকার করেছেন। এ ব্যাপারে হরিণাকুণ্ডু থানায় একটি মামলা হয়েছে।