অপহূত ব্যবসায়ী উদ্ধার হননি
থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার পরও অপহরণ হওয়া ব্যবসায়ী মাহমুদ উন নবীকে (৭৩) গতকাল বুধবার পর্যন্ত উদ্ধার করতে পারেনি পুলিশ। তবে অপহূতের পরিবার থেকে গতকাল দুপুরে জানানো হয়, মাহমুদ উন নবী বাসায় ফোন করে বলেছেন, তিনি ভালো আছেন।গত মঙ্গলবার সকালে জীবনের নিরাপত্তা চেয়ে মোহাম্মদপুর থানায় জিডি করার পর দুপুরে কাকরাইল এলাকা থেকে গাড়ি ও গাড়িচালকসহ অপহূত হন মাহমুদ উন নবী। অপহূত মাহমুদ ক্যাপ্রিকন এন্টারপ্রাইজ নামের একটি ওষুধ রপ্তানিকারক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি)। এ বিষয়ে মঙ্গলবার রাতে ক্যাপ্রিকনের কর্মকর্তা ফরিদ আহমেদ বাদী হয়ে মাসুম নামের একজনকে আসামি করে রমনা থানায় মামলা করেছেন। মামলার আসামি মাসুমের চাচা শাহজাহান মাহমুদ উন নবীর ব্যবসায়িক অংশীদার ছিলেন। নিঃসন্তান শাহজাহানের মৃত্যুর পর তাঁর ভাতিজা মাসুম চাচার সম্পত্তির জন্য মাহমুদ উন নবীকে হুমকি দিতে থাকেন। একপর্যায়ে মঙ্গলবার মাসুম লোকজনসহ মাহমুদ উন নবীকে অপহরণ করে নিয়ে যান বলে মামলায় উল্লেখ রয়েছে।এ বিষয়ে রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, মাহমুদ উন নবীর অবস্থান শনাক্ত করার চেষ্টা করছে পুলিশ। অপহরণের পর তাঁকে ফেনীর দিকে নিয়ে যাওয়া হয়। পরে আবার গতকাল তাঁকে ঢাকার দিকে আনা হয়েছে। এখন তাঁকে উদ্ধারের চেষ্টা চলছে।এদিকে গতকাল দুপুরে মাহমুদ উন নবীর বাসায় ফোন করা হলে তাঁর ভাতিজা পরিচয় দিয়ে একজন বলেন, মাহমুদ উন নবী গতকাল বাসায় ফোন করে বলেছেন, তিনি ভালো আছেন। গতকাল (বুধবার) রাতের দিকে তাঁকে ছেড়ে দিতে পারে অপহরণকারীরা। তবে এ বিষয়ে পুলিশ কিছু জানে না।