অপহূত ব্যবসায়ী কেরানীগঞ্জে উদ্ধার
ঢাকার ইসলামপুর থেকে অপহূত হওয়ার ৩০ ঘণ্টা পর গত রোববার রাতে আবদুল মান্নান নামের এক কাপড় ব্যবসায়ীকে কেরানীগঞ্জের বলসুতা গ্রাম থেকে উদ্ধার করেছে পুলিশ।
অপহরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা হলেন মো. মানিক (৪৮), আবদুল করিম (৩৫) ও এক নারী (২৬)। তাঁদের বাড়ি বলসুতা গ্রামে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত শনিবার রাত নয়টায় মান্নান (৩১) ইসলামপুরে অবস্থিত তাঁর কাপড়ের দোকান বন্ধ করেন। এরপর তিনি কেরানীগঞ্জের আমিরাবাগ এলাকায় শ্বশুরবাড়ি যাওয়ার জন্য কদমতলী গোলচত্বর থেকে একটি সিএনজিচালিত অটোরিকশায় ওঠেন। ওই অটোরিকশায় যাত্রীবেশে লুকিয়ে থাকা কয়েকজন অপহরণকারী তাঁকে বলসুতা গ্রামের সুজন মিয়ার বাড়িতে নিয়ে যায়। ওই রাতেই অপহরণকারীরা মুঠোফোনে মান্নানের পরিবারের কাছে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে এবং একটি বিকাশ নাম্বারে ওই টাকা পাঠাতে বলে।
এ ঘটনায় রোববার বিকেলে মান্নানের শ্বশুর আবদুল হালিম দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা করেন। পুলিশ বিকাশ নাম্বারের সূত্র ধরে রোববার দিবাগত রাত তিনটায় বলসুতা এলাকার সুজনের বাড়িতে অভিযান চালায়।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জামাল উদ্দিন মীর বলেন, অভিযোগ পাওয়ার পর পুলিশের একাধিক দল বিভিন্ন স্থানে অভিযান চালায়। টাকা পাঠানোর জন্য অপহরণকারীদের দেওয়া বিকাশ নাম্বারের সূত্র ধরেই লাকিরচর তুলসীখালী সেতুর সামনে থেকে প্রথমে আবদুল করিমকে আটক করা হয়। পরে তাঁর স্বীকারোক্তি অনুযায়ী মানিক ও এক নারীকে বলসুতা এলাকার সুজনের বাড়ি থেকে গ্রেপ্তার এবং ব্যবসায়ী মান্নানকে উদ্ধার করা হয়। তবে এ সময় সুজন পালিয়ে যায়।