অপহূত মিজানুর বাড়িতে
আট দিন জিম্মি থাকার পর শরীরে নির্মম নির্যাতনের ক্ষত নিয়ে পরিবারের কাছে ফিরেছেন বনদস্যুদের হাতে অপহূত জেলে মিজানুর রহমান। গতকাল শনিবার সকালে মুমূর্ষু অবস্থায় তিনি বাড়িতে ফিরে আসেন। নির্যাতনে একাকী চলাচলের শক্তি হারিয়ে ফেলা মিজানুরকে শুক্রবার সন্ধ্যায় অপহরণকারীরা সুন্দরবনের গহিন থেকে একটি জেলে নৌকায় তুলে দেয়। গত ২২ জুন পশ্চিম সুন্দরবনের বয়ারশিং এলাকার দাড়গাং খালে কাঁকড়া ধরার সময় ইলিয়াস-শহিদুল পরিচয়ে বনদস্যুর সদস্যরা শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের সোরা গ্রামের মিজানুর রহমানকে অপহরণ করে। এ সময় একই নৌকায় থাকা তাঁর ছোট ভাই মহসিন হোসেনকে ছেড়ে দিয়ে মুক্তিপণ বাবদ ৩০ হাজার টাকা তিন দিনের মধ্যে নির্দিষ্ট একটি মুঠোফোনের নম্বর ব্যবহারকারীর হাতে পৌঁছে দিতে বলে।অপহূতের ভাই মহসিন ও মাহফুজুল হক ২৫ জুন দুপুরে সুন্দরবনসংলগ্ন বিজি কলেজ মাঠে মুক্তিপণের টাকা দিতে গেলে পুলিশ মহররম গাজী নামের একজনকে গ্রেপ্তার করে। মিজানুর রহমান প্রথম আলোকে জানান, পুলিশের হাতে সহযোগীর গ্রেপ্তারের খবর পেয়ে দস্যুরা তাঁকে জবাই করে নদীতে ফেলে দেওয়ার কথা বলে। এ সময় প্রাণভিক্ষা চাইলে পাঁচজন বনদস্যু তাঁকে গরানের লাঠি দিয়ে বেধড়ক মারধর করে। প্লাস দিয়ে তাঁর গায়ের মাংস টেনে তোলে। পায়ের নখ ও আঙুল কেটে নেওয়ার চেষ্টা চালায়।