অপহূত লেনিন চাকমাকে উদ্ধারের দাবি
চট্টগ্রামের দেওয়ানহাট রঙ্গপাড়া থেকে প্রায় ছয় মাস আগে অপহূত হওয়া লেনিন চাকমার পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধারের জন্য প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন। গতকাল মঙ্গলবার চট্টগ্রাম প্রেসক্লাবে পরিবারের পক্ষে লেনিন চাকমার স্ত্রী স্বপ্না চাকমা এক সংবাদ সম্মেলনে এই দাবি জানান। স্বপ্না চাকমা লিখিত বক্তব্যে বলেন, লেনিন চাকমা পার্বত্য চট্টগ্রামের ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সহযোগী সংগঠন গণতান্ত্রিক যুব ফোরাম চট্টগ্রাম নগর শাখার সদস্য। তাঁর বাড়ি খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বেতছড়ি রঞ্জন কার্বারী পাড়ায়। তিনি দেওয়ানহাটে একটি তৈরি পোশাক কারখানায় কাজ করতেন। গত ২৩ এপ্রিল সন্ধ্যায় তাঁকে পাঁচজন আদিবাসী যুবক অপহরণ করেন। এসব যুবক পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট দাবি করে স্বপ্না চাকমা বলেন, তাদের নাম জুনান চাকমা, অজয় চাকমা, সুমন চাকমা, তাপস চাকমা ও বিকাশ চাকমা। এ ঘটনায় ডবলমুরিং থানায় মামলা হলেও আসামিরা আদালত থেকে জামিনে মুক্তি পান। স্বপ্না বলেন, তিনি দুটি সন্তান নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। তিনি অবিলম্বে লেনিনকে উদ্ধারসহ প্রশাসনের প্রতি চার দফা দাবি জানান। দাবিগুলো হচ্ছে: অবিলম্বে লেনিনের অপহরণ মামলায় দণ্ডবিধির ৩৬৪ ধারা সংযোজন করা, অপহরণের সঙ্গে জড়িতদের জামিন প্রত্যাহার, আসামিদের জিজ্ঞাসাবাদ করে লেনিন চাকমাকে উদ্ধারের পদক্ষেপ নেওয়া এবং লেনিনের অপহরণকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া। সংবাদ সম্মেলনে ইউপিডিএফের কয়েকজন কর্মীও উপস্থিত ছিলেন।