চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের হাতে অপহূত শাটল ট্রেনের লোকো মাস্টার (চালক) বদু মিয়া তিন ঘণ্টা পর মুক্তি পেয়েছেন।
গতকাল বুধবার সকাল পৌনে আটটার বিশ্ববিদ্যালয়গামী ট্রেনটি সাড়ে আটটার দিকে বিশ্ববিদ্যালয়ের রেলস্টেশনে পৌঁছালে ছাত্রদলের নেতা-কর্মীরা তাঁকে অপহরণ করে নিয়ে যান। পরে পুলিশ অভিযান শুরু করলে সকাল সাড়ে ১০টার দিকে সিএনজিচালিত অটোরিকশাযোগে বদু মিয়াকে ক্যাম্পাসে অবস্থিত বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়িতে পাঠিয়ে দেয় অপহরণকারীরা।
বদু মিয়ার বরাত দিয়ে পুলিশ জানায়, বদু মিয়াকে অপহরণকারীরা মুখে কাপড় পেঁচিয়ে বিশ্ববিদ্যালয়ের পাশের একটি ঘরে আটকে রাখে। কিন্তু কারা তাঁকে অপহরণ করে তা তিনি বলতে পারেননি। তবে অপহরণের কথা স্বীকার করেছেন ছাত্রদলের নেতা-কর্মীরা।
এদিকে শাটল ট্রেনের লোকো মাস্টারকে অপহরণের পরপরই বিশ্ববিদ্যালয় রুটে চলাচলকারী শাটল ট্রেন চলাচল বন্ধ করে দেয় বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক-কর্মচারী সমিতি। এতে বিশ্ববিদ্যালয়গামী শিক্ষার্থীরা বিপাকে পড়েন। তবে বদু মিয়া মুক্ত হওয়ার পর বেলা ১১টা থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
বিশ্ববিদ্যালয় ছাত্রদলের দুই জ্যেষ্ঠ নেতা নুরুল হুদা ও কে আলম প্রথম আলোকে বলেন, ‘ছাত্রলীগ বাধাহীনভাবে ক্যাম্পাসে তাদের কর্মসূচি পালন করলেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমাদের কোনো কর্মসূচি পালন করতে দেয় না। আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে ছাত্রলীগ নিয়মিত হামলা করে আমাদের নেতা-কর্মীদের আহত করলেও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় না বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এতে ক্ষুব্ধ হয়ে ছাত্রদলের নেতা-কর্মীরা শাটল ট্রেনের লোকো মাস্টারকে অপহরণ করে বিশ্ববিদ্যালয় অবরোধ করেন।’ তাঁরা এটিকে তাঁদের আন্দোলনের রিহার্সেল বলেও উল্লেখ করেন।
অন্যদিকে ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন সালাম বলেন, আন্দোলনের কৌশল হিসেবেই তাৎক্ষণিক অবরোধের ডাক দেওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর আনোয়ার হোসেন চৌধুরী বলেন, শাটল ট্রেনের লোকো মাস্টার অপহূত হলেও বিশ্ববিদ্যালয়ে ক্লাস-পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হয়েছে। লোকো মাস্টারকে অপহরণকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।