অপহূত শামীম নয় দিনেও উদ্ধার হননি
রাজধানীর পুরানা পল্টন থেকে অপহূত ছাত্র ইউনিয়নের সাবেক নেতা কে এম শামীম আক্তারকে নয় দিনেও উদ্ধার করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শামীম আকতারের স্ত্রী ঝরনা খানম জানান, অপহরণের নয় দিন পার হলেও আইনশৃঙ্খলা বাহিনী শামীমকে উদ্ধার করতে পারেনি। তাঁকে ফিরে পেতে তিনি পল্টন থানায় সাধারণ ডায়েরি (জিডি) ও র্যাব-৩-এর কাছে লিখিত অভিযোগ করেছেন। ঝরনা খানম বলেন, ‘শামীম বেঁচে আছেন না মারা গেছেন, তা আমরা জানি না। দেশের যেকোনো নাগরিক নিখোঁজ হলে সেই যে-ই হউক না কেন, তাকে খুঁজে বের করার দায়িত্ব আইনশৃঙ্খলা বাহিনীর।’ এ ব্যাপারে পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল হক প্রথম আলোকে বলেন, পুলিশ শামীমকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।ছাত্র ইউনিয়নের সাবেক কেন্দ্রীয় নেতা কে এম শামীম আকতারকে খুঁজে বের করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেছেন বামপন্থী প্রগতিশীল ছাত্র আন্দোলনের সাবেক ৩০ জন ছাত্রনেতা। গতকাল শুক্রবার এক যৌথ বিবৃতিতে তাঁরা শামীম আকতারসহ কয়েকজন নাগরিকের নিখোঁজ হওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন। সাবেক ছাত্রনেতারা বলেন, সম্প্রতি কয়েকজন নাগরিক নিখোঁজ হওয়ার পর তাঁদের কারও কারও মৃতদেহ দেশের বিভিন্ন স্থানে পাওয়া গেছে। আবার অনেকের কোনো খোঁজই পাওয়া যাচ্ছে না। সভ্য সমাজে এ ধরনের ঘটনা অকল্পনীয়। গত ২৯ সেপ্টেম্বর সকালে পুরানা পল্টন লাইনের বাসা থেকে দোকানে কেনাকাটা করতে বের হয়ে আর ফিরে আসেননি শামীম। পরে তাঁর স্ত্রী প্রত্যক্ষদর্শীদের কাছে জানতে পারেন, সাত-আটজন অপরিচিত লোক জোর করে মুখে স্কচটেপ লাগিয়ে তাঁকে একটি সাদা মাইক্রোবাসে তুলে নিয়ে যান।