অপহূত শিশু উদ্ধার, গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের রাজিবপুর ইউনিয়নের চরপাড়া থেকে গত রোববার রাতে অপহূত এক শিশুকে উদ্ধার করা হয়েছে।

অপহরণের অভিযোগে দুই নারীকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে তাঁদের নরসিংদী থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

দেড় বছর বয়সী ওই শিশুটি নরসিংদীর শেখেরচর এলাকার গোলাম মোস্তফার মেয়ে।

পুলিশ, এলাকাবাসী ও শিশুর পরিবারের লোকজন জানান, নিজ বাসা থেকে বুধবার বিকেলে পাশের বাসার ভাড়াটিয়া হাসিনা বেগম (২৫) শিশুটিকে কৌশলে অপহরণ করেন।

পরে শিশুটির পরিবারের কাছে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। এদিকে মুক্তিপণের টাকা দেওয়ার কথা বলে গোলাম মোস্তফা রোববার সন্ধ্যায় এলাকাবাসীর সহায়তায় ওই দুই নারীকে আটক করেন।

এ সময় শিশুটিকেও উদ্ধার করা হয়। পরে খবর পেয়ে ঈশ্বরগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থল থেকে তাঁদের আটক করে থানায় নিয়ে আসে।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, আটক দুই নারী ও শিশুকে নরসিংদী থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

নরসিংদী মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. মনিরুজ্জামান জানান, অপহরণকারীদের বিরুদ্ধে নরসিংদী মডেল থানায় মামলা হয়েছে। মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়েছে।