অপহূত শিশুকে নদীতে নিক্ষেপ, ছয় ঘণ্টা পর জীবিত উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিপণের দাবিতে অপহরণ করে নেওয়ার পথে চাঁদপুরের মেঘনা নদীতে আট বছরের শিশু রাকিব হোসেনকে ফেলে দিলেও প্রায় ছয় ঘণ্টা পর জীবিত উদ্ধার হয়েছে এক জেলের জালে। ঘটনাটি ঘটেছে গতকাল শনিবার ভোরে চাঁদপুরের মতলবের মোহনপুর এলাকায়। এ ঘটনায় অপহরণকারী কথিত চাচা জাফর হোসেনকে (১৮) পুলিশ গ্রেপ্তার করেছে। চাঁদপুরের পুলিশ সুপার আমির জাফর জানান, শুক্রবার রাত সাড়ে নয়টায় ফরিদগঞ্জের ঘোড়াশালার পাটোয়ারী বাড়ির বাহরাইনপ্রবাসী হাসিম পাটোয়ারীর ছেলে রাকিবকে একই বাড়ির কথিত চাচা জাফর অপহরণ করেন। মোটা অঙ্কের টাকার মুক্তিপণ পাওয়ার আশায় কৌশলে তাকে চাঁদপুর থেকে ঢাকাগামী এমভি মিতালী লঞ্চে করে নিয়ে রওনা হন। পথে রাকিব কান্নাকাটি শুরু করলে রাত ১১টার দিকে মতলবের মোহনপুর এলাকায় উপায় না পেয়ে লঞ্চের পেছনে নিয়ে জাফর তাকে মেঘনা নদীতে ফেলে দেন। ভোর চারটায় মতলব উত্তরের দক্ষিণ বোরোচর এলাকায় জাহাঙ্গীর বেপারী নামের এক জেলের জালে রাকিব আটকে যায়। জেলে তাকে উদ্ধার করেন। তিনি দেখতে পান রাকিব জীবিত। এ খবর চাঁদপুরের এক মাছ ব্যবসায়ী জানতে পারেন। এদিকে রাকিব হারিয়ে গেছে বলে ফরিদগঞ্জের রূপসা বাজার এলাকায় মাইকিং করা হয়। ওই খবর শোনেন ওই মাছ ব্যবসায়ী। তিনি জেলে জাহাঙ্গীরকে জানালে গতকাল শনিবার রাত সাড়ে আটটায় রাকিব তার বাড়িতে ফিরে আসে।ফরিদগঞ্জ থানার পুলিশ এ খবর পেয়ে কথিত চাচা জাফরকে গ্রেপ্তার করে। থানার ওসি (তদন্ত) জাবেদ হোসেইন এ ঘটনার সত্যতা স্বীকার করেন। এ ব্যাপারে রাকিবের আপন চাচা আলী হোসেন বাদী হয়ে একটি মামলা করেছেন।