অপহূত শিশুকে ৩২ দিন পর উদ্ধার অপহরণকারী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার থেকে অপহূত দেড় বছরের শিশু তুফানকে ৩২ দিন পর পুলিশ উদ্ধার করেছে এবং অপহরণকারী সুমি আক্তারকে (১৬) গ্রেপ্তার করেছে। আদমদীঘি থানা সূত্রে জানা গেছে, উপজেলার সান্তাহার ঢাকাপট্টি এলাকার বাসিন্দা প্রদীপ সরকার গত ১৪ নভেম্বর রাতে সান্তাহার রেলস্টেশন এলাকা থেকে বিপদগ্রস্ত অবস্থায় রংপুরের বদরগঞ্জ উপজেলার কেশবপুর গ্রামের বেলাল হোসেনের মেয়ে সুমি আক্তারকে উদ্ধার করে নিজ বাড়িতে আশ্রয় দেন। এরপর ১৬ নভেম্বর সুমি আক্তার প্রদীপ সরকারের দেড় বছরের শিশুপুত্র তুফানকে নিয়ে চলে যায় এবং মুঠোফোনে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এ ঘটনায় প্রদীপ সরকার বাদী হয়ে সুমি আক্তারসহ পাঁচজনকে আসামি করে আদমদীঘি থানায় একটি অপহরণ মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান বলেন, দুই দফা অভিযান চালিয়ে গত রোববার সন্ধ্যায় সুমি আক্তারকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। পরে স্বীকারোক্তি অনুযায়ী তার নিকটাত্মীয় দিনাজপুরের চিরিরবন্দরের দেলোয়ার হোসেনের বাড়ি থেকে শিশু তুফানকে উদ্ধার করা হয়।