অপহূত শিশুটি উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জের শিবালয় উপজেলা থেকে গত বৃহস্পতিবার রাতে এক শিশুকে উদ্ধার করেছে পুলিশ। তাকে পাঁচ দিন আগে গাজীপুরের জয়দেবপুর থানাধীন কোনাবাড়ী এলাকা থেকে অপহরণ করা হয়েছিল। শিশুটির নাম মো. সাইফুদ্দিন (৪)। সে কোনাবাড়ীর আমবাগ পশ্চিমপাড়ার বাসিন্দা আবদুর রহিমের ছেলে।পুলিশ ও পরিবারের ভাষ্যমতে, ১ জুলাই সকালে শিশুটিকে নিজ বাড়ি থেকে অপহরণ করা হয়। এরপর অপহরণকারীরা মুঠোফোনে পরিবারটির কাছ থেকে সাড়ে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করে আসছিল। টাকা না দিলে শিশুটিকে হত্যার হুমকিও দেওয়া হয়। এ ঘটনায় ৩ জুলাই শিশুটির ফুফা দেলোয়ার হোসেন বাদী হয়ে রহিমের বাড়ির ভাড়াটিয়া মো. আলমসহ কয়েকজনকে আসামি করে জয়দেবপুর থানায় অপহরণ ও মুক্তিপণের অভিযোগে মামলা করেন।শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম বলেন, দর-কষাকষির পর পরিবারটির কাছ থেকে ৬০ হাজার টাকার বিনিময়ে শিশুটিকে মুক্তি দিতে সম্মত হয় অপহরণকারীরা। পরে বিষয়টি তারা পুলিশকে জানায়। এর পরিপ্রেক্ষিতে সাদা পোশাকে পুলিশ কৌশলে বৃহস্পতিবার রাত নয়টার দিকে শিবালয়ের তেওতা গ্রামের কাছে একটি রাস্তায় অভিযান চালায়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা শিশুটিকে রেখে পালিয়ে যায়।মামলার তদন্ত কর্মকর্তা ও কোনাবাড়ী পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) বলেন, আসামি আলম পলাতক। অপহরণকারীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।