অপহূত সাতজনকে উদ্ধার পুলিশসহ গ্রেপ্তার ২৪
দেশের ছয় জেলায় অপহরণের শিকার সাতজনকে গত দুই দিনে উদ্ধার করেছে পুলিশ। অপহূত একজন ছাড়া পেয়েছেন। এসব অপহরণের ঘটনায় জড়িত ২৪ জনকে পুলিশ গ্রেপ্তার করেছে। তাঁদের মধ্যে পুলিশের দুজন সদস্য রয়েছেন।
কুড়িগ্রাম থেকে নিজস্ব প্রতিবেদক জানান, গত ৩০ এপ্রিল সন্ধ্যায় রৌমারী উপজেলা বেসরকারি সংস্থা গ্রাম উন্নয়ন কেন্দ্রের কর্মকর্তা মাইদুল ইসলামকে (৪০) অপহরণ করেন কুড়িগ্রাম গোয়েন্দা পুলিশের (ডিবি) কনস্টেবল আতিকুজ্জামান, কুড়িগ্রাম আদালতের কনস্টেবল মামুনুর রশিদ ও শাহ আলম এবং ডিবির তথ্যদাতা মনু মেকার। পরে মাইদুলের পরিবারের কাছে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করেন অপহরণকারীরা। এ ব্যাপারে কুড়িগ্রাম সদর থানায় অভিযোগ করার পর বৃহস্পতিবার অভিযান চালিয়ে আতিকুজ্জামান, মামুনুর রশিদ ও মনু মেকারকে গ্রেপ্তার করে পুলিশ। শাহ আলম পালিয়ে যান। জড়িত তিন পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়েছে ও মামলা হয়েছে।
নওগাঁ প্রতিনিধি জানান, মান্দা উপজেলার মিঠাপুকুর বাজারে বৃহস্পতিবার বজলুর রশিদ (৩৫) নামের এক ব্যবসায়ীকে অপহরণের সময় ১১ জনকে আটক করেন এলাকাবাসী। তাঁদের গণধোলাই দিয়ে অপহরণে ব্যবহার করা মাইক্রো-বাসটিসহ পুলিশের হাতে তুলে দেওয়া হয়। অপহরণের শিকার ব্যবসায়ীকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকালে অপহরণকারীদের নওগাঁ কারাগারে পাঠানো হয়।
গাজীপুর প্রতিনিধি জানান, গত মঙ্গলবার সদর উপজেলার কোনাবাড়ী থেকে অপহূত স্কুলছাত্র আকরামুল আলমকে বৃহস্পতিবার সকালে টাঙ্গাইলের কালিহাতীর পাইকপাড়া থেকে উদ্ধার করা হয়। অপহরণের অভিযোগে পুলিশ পাঁচজনকে গ্রেপ্তার করেছে, সেই সঙ্গে অপহরণের কাজে ব্যবহূত গাড়িটিও উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার গাজীপুর পুলিশ সুপারের সম্মেলনকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ এসব তথ্য জানায়।
এদিকে গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী বয়েজ হাইস্কুল থেকে গত ২৪ এপ্রিল অপহূত নবম শ্রেণীর ছাত্র মোবারক হোসেনকে বৃহস্পতিবার রাতে বাড়ির কাছে ফেলে যায় অপহরণকারীরা। তাকে আহত অবস্থায় শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ ছাড়া সিলেট থেকে অপহূত ব্যবসায়ী ছাইফুর রহমান ওরফে শমসেরকে (৩৮) গতকাল বিকেলে গাজীপুর থেকে উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ। গত ২০ এপ্রিল সিলেটের আম্বরখানা মীরের ময়দান এলাকা থেকে তাঁকে অপহরণ করা হয়।
মানিকগঞ্জ প্রতিনিধি জানান, মানিকগঞ্জ সদর উপজেলা থেকে অপহরণের দুই দিন পর বৃহস্পতিবার রাতে ঢাকার আশুলিয়ার পল্লী বিদ্যুৎ এলাকা থেকে সিয়াম নামের চার বছরের এক শিশুকে পুলিশ উদ্ধার করেছে। সিয়াম সদর উপজেলার কান্দাপৌলী গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। পুলিশ জানায়, সিরাজুলের পূর্বপরিচিত পটুয়াখালী সদর উপজেলার পাঙ্গাশিয়া গ্রামের সোহাগ মিয়া (২৮) গত মঙ্গলবার দুপুরে সিয়ামকে অপহরণ করেন। তবে সোহাগকে এখনো গ্রেপ্তার করা যায়নি।
টাঙ্গাইল প্রতিনিধি জানান, পৃথক দুটি অপহরণের ঘটনার শিকার দুজনকে টাঙ্গাইলে উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, গাজীপুরের কোনাবাড়ীর এসকে টেক্সটাইলের কর্মী মোবারক হোসেনকে (৩০) গত ২৮ এপ্রিল বিকেলে একদল দুর্বৃত্ত অস্ত্রের মুখে অপহরণ করে। টাঙ্গাইলের বেবিস্ট্যান্ড এলাকা থেকে বুধবার রাতে পাঁচ অপহরণকারীকে গ্রেপ্তার ও অপহূত মোবারককে উদ্ধার করা হয়।
এ ছাড়া ৩০ এপ্রিল সন্ধ্যায় টাঙ্গাইলের কালিহাতী উপজেলার পাইকরা গ্রামের তোতা মিঞার ছেলে আরিফকে (২২) অপহরণ করা হয়। কালিহাতী থানার পুলিশ বৃহস্পতিবার পাইকরা গ্রাম থেকে তাঁকে উদ্ধার করে। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়। গাজীপুরের স্কুলছাত্র আকরামুলকে অপহরণের সঙ্গেও তারা জড়িত ছিল।