অপহূত সাবেক ইউপি চেয়ারম্যানের সন্ধান দাবি বিএনপির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার করলডাঙ্গা ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম ওরফে বাঁচা মিয়ার সন্ধান দাবি করেছে বিএনপি। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম প্রেসক্লাবে বোয়ালখালী উপজেলা বিএনপি আয়োজিত সংবাদ সম্মেলনে দলীয় নেতারা এ দাবি করেন।গত বছরের ৮ নভেম্বর গাজীপুরের জয়দেবপুর থেকে অপহূত হন তৎকালীন ইউপি চেয়ারম্যান নজরুল। তাঁর পরিবারের অভিযোগ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাঁকে ধরে নিয়ে গেছেন। গত এক বছরেও নজরুলের কোনো সন্ধান পাওয়া যায়নি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাঁকে গ্রেপ্তারের কথা অস্বীকার করেছে।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সভাপতি ও সাংসদ জাফরুল ইসলাম চৌধুরী। এ সময় দক্ষিণ জেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক আলী আব্বাস, উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ খান, বোয়ালখালীর উপজেলা পরিষদের চেয়ারম্যান বদরুচ মেহের, নজরুলের ভাই, করলডাঙ্গা ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান হামিদুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।জাফরুল ইসলাম চৌধুরী বলেন, ঢাকা সিটি করপোরেশনের কাউন্সিলর চৌধুরী আলমের মতো নজরুলকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গুম করে রেখেছে। শিগগিরই নজরুল ইসলামের সন্ধান দেওয়া না হলে সরকারের বিরুদ্ধে তীব্র গণ-আন্দোলন গড়ে তোলা হবে।পুলিশ সূত্র জানায়, অপহূত নজরুল বোয়ালখালী থানার পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসীদের একজন। তাঁর বিরুদ্ধে খুন, ধর্ষণ ও চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে করা ১৯টি মামলা তদন্তাধীন।