অপহূত স্কুলছাত্রী উদ্ধার, গ্রেপ্তার ১
নোয়াখালীর সদর উপজেলার পশ্চিম দেবীপুর গ্রামের একটি বাড়ি থেকে অপহূত এক স্কুলছাত্রীকে (১৪) উদ্ধার করেছে থানার পুলিশ।
গতকাল সোমবার সকালে পুলিশ ওই ছাত্রীকে উদ্ধার করে। একই সময় অপহরণের অভিযোগে অভিযুক্ত আবদুল মাজেদ (১৯) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কালাদরাফ ইউনিয়নের কাঞ্চনপোল নামক স্থান থেকে স্কুলছাত্রীকে রোববার বেলা তিনটার দিকে কৌশলে অপহরণ করে একই ইউনিয়নের মহব্বতপুর গ্রামের আবদুল কুদ্দুছের ছেলে আবদুল মাজেদ। অপহরণের পর মাজেদ ওই ছাত্রীকে পশ্চিম দেবীপুর গ্রামের একটি বাড়িতে নিয়ে আটকে রাখেন। এ ঘটনায় ছাত্রীর বাবা থানায় লিখিত অভিযোগ করলে গতকাল সকালে পুলিশ অভিযান চালিয়ে অপহূত ছাত্রীকে উদ্ধার এবং মাজেদকে গ্রেপ্তার করে। স্কুলছাত্রী অপহরণ, পরে উদ্ধার ও গ্রেপ্তারের কথা নিশ্চিত করেন সুধারাম মডেল থানার ওসি মোশারফ হোসেন তরফদার।