অপহূত স্কুলশিক্ষিকা উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালে অপহূত এক স্কুলশিক্ষিকাকে উদ্ধার করা হয়েছে। বাংলাদেশ মহিলা পরিষদ বরিশাল জেলা শাখার সহযোগিতায় তাঁকে উদ্ধার করা হয়। গত সোমবার পরিষদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।সংবাদ বিজ্ঞপ্তির সঙ্গে পাঠানো মামলার এজাহারের অনুলিপি থেকে জানা যায়, ৩০ জুলাই সকালে ওই শিক্ষিকা রিকশাযোগে প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্রে (পিটিআই) যাচ্ছিলেন। রিকশাটি নগরের সদর রোডে জিলা স্কুলের সামনে পৌঁছালে শেখর দাস (৩৫) কয়েকজন সহযোগী নিয়ে তাঁকে জোর করে রিকশা থেকে নামিয়ে একটি মাইক্রোবাসে তোলেন। পরে তাঁকে বগুড়া রোডে শেখরের বন্ধু রেজার বাসায় নিয়ে ভয়ভীতি প্রদর্শন করে বিবাহের হলফনামা তৈরি এবং স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার চেষ্টা করা হয়। একপর্যায়ে দুর্বৃত্তরা তাঁকে তালাবদ্ধ করে চলে যায়। পরে ওই কক্ষে থাকা একটি মুঠোফোন থেকে বিষয়টি তিনি পরিবারকে জানান। পরবর্তী সময়ে বাংলাদেশ মহিলা পরিষদের সহযোগিতায় তাঁকে উদ্ধার করা হয়।ওই শিক্ষিকা সোমবার সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, তাঁর বড় ভাইয়ের সঙ্গে পরিচয়সূত্রে শেখর মাঝেমধ্যে তাঁদের বাসায় আসতেন। শেখরের প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তিনি তাঁকে অপহরণ করেন।মহিলা পরিষদের সহসাধারণ সম্পাদক পুষ্প রানী চক্রবর্তী জানান, অপহরণের বিষয়টি জানতে পেরে দুপুরে বগুড়া রোডের ওই বাড়িতে অভিযান চালিয়ে অপহূত শিক্ষিকাকে উদ্ধার করা হয়। বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি জাহাঙ্গীর হোসেন বলেন, এই ঘটনায় ওই শিক্ষিকা মামলা করেছেন। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।