চট্টগ্রামে অপহূত স্বর্ণ ব্যবসায়ীর খোঁজ মেলেনি পাঁচ দিনেও। এর প্রতিবাদে ব্যবসায়ীরা আগামী মঙ্গলবার সকাল-সন্ধ্যা নগরের সব স্বর্ণের দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন।
এদিকে অপহূত মৃদুল চৌধুরীকে উদ্ধারে প্রশাসনকে ব্যবসায়ীদের বেঁধে দেওয়া ৭২ ঘণ্টার আলটিমেটাম শেষ হয়েছে গতকাল শনিবার বিকেল তিনটায়।
গত মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় নগরের কোতোয়ালি টেলিগ্রাফ রোডের বাসা থেকে বের হয়ে দোকানে যাওয়ার পথে র্যাব ও ডিবি পুলিশ পরিচয়ে মৃদুল চৌধুরীকে অপহরণ করা হয় বলে অভিযোগ পরিবারের। এ ঘটনায় অপহূতের ভাই শিমুল চৌধুরী বাদী হয়ে ওই দিন রাতে নগরের কোতোয়ালি থানায় অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের আসামি করে একটি অপহরণ মামলা দায়ের করেন।
বাংলাদেশ জুয়েলার্স মালিক সমিতি, চট্টগ্রামের সভাপতি নুরুল আবছার শনিবার বলেন, ‘প্রশাসনকে ব্যবসায়ীদের পক্ষ থেকে ৭২ ঘণ্টার আলটিমেটাম দেওয়া হলেও তারা মৃদুল চৌধুরীর কোনো সন্ধান দিতে পারেনি। তাই মঙ্গলবার সকাল-সন্ধ্যা নগরের সব দোকান বন্ধ রেখে প্রতিবাদ জানানো হবে। এরপর ব্যবসায়ীদের বিভিন্ন সংগঠনের সঙ্গে আলাপ করে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে। ইতিমধ্যে আমরা আলোচনা শুরু করে দিয়েছি।’
মামলার বাদী শিমুল চৌধুরী বলেন, ‘কোন দেশে বাস করছি আমরা। একজন মানুষকে আইনশৃঙ্খলা বাহিনী তুলে নিয়ে গেল। পাঁচ দিনেও তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।’
জানতে চাইলে নগর পুলিশের অতিরিক্ত কমিশনার বনজ কুমার মজুমদার বলেন, ‘পুলিশ বিভিন্ন জায়গায় অভিযান চালাচ্ছে। মৃদুল চৌধুরী কোথায় আছেন তা জানতে পুলিশের একাধিক দল কাজ করছে।’