অপহূত হওয়ার ১১ দিন পর যুবকের লাশ উদ্ধার
অপহূত হওয়ার ১১ দিন পর নিজ বাড়ি থেকে প্রায় ২০ কিলোমিটার দূরের দুর্গম এলাকা থেকে প্রকাশ মিনু চাকমা (৩৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছেন জুমচাষিরা।
খাগড়াছড়ির দীঘিনালার ৫ নম্বর বাবুছড়া ইউনিয়ন ও ৩৬ নম্বর সাজেক ইউনিয়নের সীমান্তবর্তী দুর্গম লক্ষ্মীছড়ি এলাকা থেকে গত শনিবার বিকেলে তাঁরা লাশটি উদ্ধার করেন। গতকাল রোববার প্রকাশ মিনু চাকমার আত্মীয়স্বজন সেখানে গিয়ে লাশ শনাক্ত করে সেখানেই তাঁকে দাহ করেন।
গতকাল সরেজমিন রুকচন্দ্র কার্বারিপাড়া এলাকায় গিয়ে এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, প্রকাশ মিনু চাকমা বাবুছড়ার রুকচন্দ্র কার্বারিপাড়ার মৃত দিবাকর চাকমার ছেলে।
গত ১৯ ফেব্রুয়ারি রাত আটটার সময় তাঁর বাড়িতে একদল অজ্ঞাত সশস্ত্র যুবক হানা দিয়ে তাঁকে অপহরণ করে। অপহরণের পর থেকে তাঁর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।
শনিবার বাবুছড়া ও সাজেক ইউনিয়নের সীমান্তবর্তী লক্ষ্মীছড়ির একদল জুমচাষি একটি লাশ পড়ে থাকতে দেখে গ্রামে খবর দেন। পরে তাঁর স্ত্রী পলাশী চাকমাসহ আত্মীয়স্বজন ঘটনাস্থলে গিয়ে লাশটি শনাক্ত করেন।
তাঁর বাড়িতে গিয়ে দেখা যায়, ঘর তালাবদ্ধ, বাড়িতে কেউ নেই। গ্রামবাসীর কয়েকজন নাম প্রকাশ না করার শর্তে বলেন, প্রকাশের বাবা, মা অনেক আগেই মারা গেছেন। স্ত্রী ও দুই বছরের শিশুসন্তানকে নিয়ে ছোটখাটো ব্যবসা করে সংসার চালাতেন। তিনি কোনো আঞ্চলিক সংগঠনের সঙ্গেও জড়িত ছিলেন না। কারা তাঁকে হত্যা করল, তা তাঁরা জানেন না।
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাদাত হোসেন টিটো ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় কেউ অভিযোগ করেননি।