অপহূত হওয়ার ২০ দিন পর দুজনের কঙ্কাল উদ্ধার
ঢাকা থেকে অপহূত হওয়ার ২০ দিন পর গত বৃহস্পতিবার মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) গাজীপুরের পুবাইল এলাকা থেকে জাকিউর রহমান ও সবুজ মিয়ার কঙ্কাল উদ্ধার করেছে। এ ঘটনায় গ্রেপ্তার হওয়া তিনজনের স্বীকারোক্তির ভিত্তিতে কঙ্কাল দুটি উদ্ধার করা হয়।ডিবি সূত্র জানায়, গত ২০ আগস্ট রাজধানীর উত্তরখান থানার মাউসাইদের বাসিন্দা একটি বেসরকারি প্রতিষ্ঠানের কারিগর জাকিউর ও নির্মাণশ্রমিক সবুজ অপহূত হন। এ ব্যাপারে উত্তরখান থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। এর সূত্র ধরে ডিবির উত্তর বিভাগ তদন্ত শুরু করে। ডিবির অতিরিক্ত উপকমিশনার মনিরুজ্জামান ও সহকারী পুলিশ কমিশনার মানসকুমার পোদ্দারের নেতৃত্বে একটি দল গত বৃহস্পতিবার পুবাইলের তালুটিয়ায় অভিযান চালিয়ে কাউসার মোল্লা, সুরুজ মিয়া ও তুহিন মাতব্বরকে গ্রেপ্তার করে।ডিবির কর্মকর্তারা বলেন, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা জানিয়েছেন, ২০ আগস্ট তাঁরা সবুজ ও জুয়েলকে প্রলোভন দেখিয়ে ঢাকা থেকে গাজীপুরের পুবাইলে নিয়ে যান। ওই দিন বিকেল তিনটার দিকে তাঁদের হত্যা করা হয়।