অপহূত ১২০ জেলের ১১ জন ছাড়া পেয়েছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুন্দরবনসংলগ্ন বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে বয়ার কাছে গত বৃহস্পতিবার রাতে ১৭টি ট্রলারসহ ১২০ জেলেকে অপহরণের দুই দিন পর গতকাল শনিবার দুপুরে পাঁচটি ট্রলারসহ ১১ জন জেলেকে ছেড়ে দিয়েছে জলদস্যুরা। বাকি ১২টি ট্রলারসহ ১০৯ জন জেলে এখনো দস্যুদের হাতে আটক রয়েছেন। গতকাল দুপুরে ফিরে আসা ১১ জেলের বরাত দিয়ে বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী এ কথা জানান। অন্যদিকে কোস্টগার্ডের পশ্চিম জোনের অপারেশনাল কমান্ডার লোকমান হোসেন গতকাল দুপুরে জানান, অপহূত জেলেদের উদ্ধারে কোস্টগার্ড এবং র‌্যাবের সদস্যরা সুন্দরবন এলাকায় অভিযান শুরু করেছেন। ফিরে আসা জেলেদের পক্ষে এফবি সেরাজুল হক ট্রলারের আবদুল মন্নান বলেন, ‘পাঁচটি ট্রলারসহ আমাদের ফিরে আসতে কোনো মুক্তিপণ দিতে হয়নি। তবে আমাদের ট্রলারের কবির মাঝিসহ পাঁচজন জেলে তাদের হাতে বন্দী আছেন।’ ফিরে আসা জেলেদের বরাত দিয়ে বরগুনা জেলা ট্রলার শ্রমিক ইউনিয়নের সভাপতি আবদুল মন্নান মাঝি বলেন, ‘প্রতি ট্রলার থেকে মাঝিসহ পাঁচ-ছয়জন জেলেকে জিম্মি রেখে ট্রলারপ্রতি ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে জলদস্যুরা।’ জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী গতকাল বিকেলে প্রথম আলোকে বলেন, অপহূত ট্রলার-মালিকদের সঙ্গে জলদস্যুরা ফোনে যোগাযোগ করছে। গতকাল সকাল থেকে আটক জেলেদের মারধর করে তাঁদের আহাজারি মুঠোফোনে শোনাচ্ছে জলদস্যুরা।