অপহূত ৩৭ জেলের সন্ধান মেলেনি
বঙ্গোপসাগরের সুন্দ-রবনসংলগ্ন মোহনা থেকে জলদস্যুদের হাতে অপহূত বরগুনার পাথরঘাটা, চট্টগ্রামের বাঁশখালী ও লক্ষ্মীপুরের রামগতির ৩৭ জন জেলেকে গতকাল সোমবার বিকেল পর্যন্ত উদ্ধার করা যায়নি। গত ১৩ ও ২৩ আগস্ট জলদস্যুরা সুন্দরবনের শরণখোলা ও সুপতি রেঞ্জের কাছাকাছি সাগর মোহনায় নারিকেলবাড়িয়া ও ফেয়ারওয়েবয়া এলাকা থেকে এসব জেলেকে অপহরণ করে।গতকাল এসব জেলের স্বজনদের আহাজারিতে পাথরঘাটার মৎস্য অবতরণ কেন্দ্রের পরিবেশ ভারী হয়ে ওঠে। তাঁরা জানান, পরিবারের শেষ সম্বলটুকু বিক্রি করে মুক্তিপণের টাকা জোগাড় করতে পারছেন না, তাই ফিরিয়ে আনতে পারছেন না স্বজনদের। দিনভর এসব জেলের স্বজনদের পাথরঘাটা ট্রলার মালিক ও আড়ৎদারদের কাছে ধরনা দিতে দেখা গেছে। স্বজনেরা জানান, মুক্তিপণের দাবিতে জেলেদের ওপর জলদস্যুরা নির্যাতন চালাচ্ছে বলে মোবাইল ফোনে ট্রলার মালিকদের জানানো হয়েছে।বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, রাজু ও জুলফিকার বাহিনীর সদস্যরা ১৩ আগস্ট রাতে বঙ্গোপসাগরের নারিকেলবাড়িয়ায় ১৬টি মাছ ধরার ট্রলারে ডাকাতি করে। জলদস্যুরা মাছ, জাল, জ্বালানি তেলসহ ১০ লাখ টাকার বেশি মালামাল লুট করে এবং ২৮ জন জেলেকে আপহরণ করে নিয়ে যায়। এই দস্যুরা জনপ্রতি ৫০ হাজার টাকা করে মুক্তিপণ দাবি করেছে।গোলাম মোস্তফা চৌধুরী আরও জানান, ২৩ আগস্ট ফেয়ারওয়েবয়া এলাকায় ডাকাতি করার সময় রিপন নামের এক জেলেকে গুলি করে হত্যা করে ডাকাতেরা এবং এফবি বাঁশখালী-১ ও বাঁশখালী-২ নামের দুটি ট্রলারসহ চট্টগ্রামের বাঁশখালী ও লক্ষ্মীপুরের রামগতি উপজেলার নয়জন জেলেকে অপহরণ করে। এই নয় জেলেকে মুক্ত করতে দস্যুরা ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে।কোস্টগার্ডের পাথরঘাটা ঘাঁটির কমান্ডার লেফটেন্যান্ট হাসানুজ্জামান জানান, অপহূত জেলেদের উদ্ধারে কোস্টগার্ড বঙ্গোপসাগরে টহল জোরদার করেছে।