অপহূত ৪৭ জেলে ফিরে এসেছেন
বরগুনার পাথরঘাটা থেকে ৬০ কিলোমিটার পূর্ব-দক্ষিণে সুন্দরবনের শরণখোলা রেঞ্জসংলগ্ন কচিখালী ও নারিকেলবাড়িয়ার মধ্যচর এলাকার বঙ্গোপসাগরে অপহূত ৪৭ জেলেকে মুক্তি দিয়েছে জলদস্যুরা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জোর তৎপরতার পরিপ্রেক্ষিতে জলদস্যুরা মঙ্গলবার গভীর রাতে অপহূত জেলেদের বঙ্গোপসাগরে ছেড়ে দেয়। গতকাল বুধবার দুপুরে ১৪ জন জেলে পাথরঘাটায় ফিরে এসে এসব তথ্য জানান। গত রোববার রাতে ৩২টি মাছ ধরার ট্রলারে হানা দিয়ে প্রায় ৫০ লাখ টাকার জালসহ মাছ লুটে নিয়ে যায় সশস্ত্র দস্যুরা। এ সময় তিনটি ট্রলারসহ ওই ৪৭ জন জেলেকে অপহরণ করে নিয়ে যায়। অপহূত জেলেদের বাড়ি বরগুনার পাথরঘাটা, পিরোজপুর ও বাগেরহাটের বিভিন্ন এলাকায়। পাথরঘাটা উপজেলা জেলে শ্রমিক ইউনিয়নের সভাপতি আবদুল মান্নান মাঝি গতকাল বিকেলে প্রথম আলোকে জানান, গতকাল দুপুরে ১৪ জন জেলেকে নিয়ে একটি ট্রলার পাথরঘাটায় ফিরে আসে। তিনি বলেন, কোস্টগার্ড সদস্যদের জোরালো অভিযানের পরিপ্রেক্ষিতেই জলদস্যুরা জেলেদের ছেড়ে দিতে বাধ্য হয়। ফিরে আসা জেলে লাল মিয়া মাঝি গতকাল বিকেলে জানান, রোববার রাতে তাঁদের অপহরণ করে সুন্দরবনের গহিনে নিয়ে যায় দস্যুরা। প্রায় ২৫ জনের ওই দস্যু দলটির সবার হাতে ছিল আগ্নেয়াস্ত্র। সুন্দরবনের গহিনে দস্যুদের আস্তানায় নিয়ে গাছের সঙ্গে বেঁধে রাখে। এ সময় দস্যুরা জেলেদের জনপ্রতি ৫০ হাজার টাকা করে মুক্তিপণ দাবি করে মুঠোফোনে জেলেদের স্বজন ও ট্রলার মালিকদের সঙ্গে কথা বলায়। তারা জিম্মি জেলেদের দৈনিক এক বেলা করে ভাত খেতে দেয়। মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে দস্যুরা তাদের মারধর করে করে বলে, ‘এখন তোদের টাকা ছাড়াই ছেড়ে দিলাম। এই টাকা আমরা পরে আদায় করে নেব এবং কীভাবে তা আদায় করতে হয়, তা আমরা জানি।’কয়েকজন জেলে গতকাল নাম গোপন রাখার শর্তে জানান, সম্প্রতি র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন জুলফিকার বাহিনীর প্রধান জুলফিকার মাতুব্বর ওরফে জলফু। কিন্তু ওই বাহিনীর অন্য সদস্যরা পুনরায় সংগঠিত হয়ে দ্বিতীয় প্রধান গামার নেতৃত্বে ‘গামা’ বাহিনী নামে নতুন একটি দল গঠন করে সাগরে দস্যুতা চালাচ্ছে। এই বাহিনীই ওই জেলেদের জিম্মি করেছিল বলে জেলেদের ধারণা। কোস্টগার্ডের পাথরঘাটা ঘাঁটির কমান্ডার সাব-লেফটেন্যান্ট হারুন অর রশিদ মুঠোফোনে প্রথম আলোকে বলেন, জেলেরা অপহূত হওয়ার পরপরই সিজিএস নোয়াখালী নামে একটি জাহাজে করে সুন্দরবন এলাকায় কোস্টগার্ড জোরালো অভিযানে নামে। তাদের তাৎক্ষণিক উদ্ধার অভিযানে জলদস্যুরা জিম্মি জেলেদের মুক্তিপণ ছাড়াই ছেড়ে দিতে বাধ্য হয়। তিনি বলেন, ‘আমার জানা মতে, এটাই মুক্তিপণ ছাড়া জিম্মিদের স্বেচ্ছায় ছেড়ে দেওয়ার প্রথম ঘটনা।’