অপহূতদের উদ্ধারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার তৈইচলা এলাকা থেকে অপহূত খোরশেদ আলম ও খোকনকে উদ্ধারে তাঁদের পরিবারের সদস্যরা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন। গতকাল শুক্রবার খাগড়াছড়ি প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই দাবি জানানো হয়। অপহরণকারীরা নিজেদের র‌্যাব-৭-এর সদস্য পরিচয় দিয়ে খোরশেদ আলম ও খোকনকে গত ১১ আগস্ট অপহরণ করে বলে পরিবারের সদস্যরা দাবি করেন।অপহূত খোরশেদ আলমের স্ত্রী মরিয়ম আক্তার সাংবাদ সম্মেলনে বলেন, সাত-আটজনের একটি দল নিজেদের র‌্যাব-৭-এর সদস্য পরিচয় দিয়ে খোরশেদ ও খোকনকে আটক করে নিয়ে যায়। এর এক দিন পর নিজেকে নিজাম ডাকাতের লোক পরিচয় দিয়ে প্রত্যেকের জন্য ২৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে ফোন করা হয়। আর এই টাকা এসএ পরিবহন, নোয়াখালী শাখায় পাঠানোর জন্য বলা হয়।মরিয়ম আক্তার তাঁর স্বামীকে নির্দোষ দাবি করে বলেন, কয়েক মাস আগে তিনি বিদেশ থেকে ফিরেছেন। এখানে তিনি ব্যবসা করার জন্য চিন্তাভাবনা করছেন।সংবাদ সম্মেলনে উপস্থিত খোরশেদ আলমের বড় ভাই শামসুল হক বলেন, এ ব্যাপারে ১১ সেপ্টেম্বর মাটিরাঙ্গা থানায় একটি মামলা করা হয়েছে। কিন্তু পুলিশ এ পর্যন্ত কোনো তথ্যই বের করতে পারেনি।অপহূত খোকনের মা ফিরোজা বেগম বলেন, অপহরণকারীদের দাবি অনুযায়ী এত টাকা জোগাড় করা তাঁদের সাধ্যের বাইরে।এ ব্যাপারে খাগড়াছড়ি সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার আল আসাদ মুহাম্মদ মাহফুজুল ইসলাম বলেন, পুলিশ এই তদন্ত চালাচ্ছে। তিনি আশা করেন, অনুসন্ধান করে অপরাধীদের গ্রেপ্তার করা সম্ভব হবে।