অপহূতদের উদ্ধারের দাবিতে আজও দেড় ঘণ্টা অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অবরোধকারীদের সরানোর চেষ্টা করছেন পুলিশ কর্মকর্তা। ছবি: পাপ্পু ভট্টাচার্য্য
অবরোধকারীদের সরানোর চেষ্টা করছেন পুলিশ কর্মকর্তা। ছবি: পাপ্পু ভট্টাচার্য্য

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২ নম্বর ওয়ার্ডের অপহূত কাউন্সিলর ও প্যানেল মেয়র-২ নজরুল ইসলামসহ পাঁচজনকে উদ্ধারের দাবিতে আজ মঙ্গলবারও ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দেড় ঘণ্টা অবরোধ করেছেন নজরুলের সমর্থকেরা।

এ ঘটনায় আরেক কাউন্সিলর সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সহ-সভাপতি নূর হোসেন এবং সাধারণ সম্পাদক ইয়াসিন মিয়াকে গ্রেপ্তার করারও দাবি জানিয়েছেন অবরোধকারীরা।

আজ বেলা পৌনে ১১টার দিকে কাউন্সিলরের সমর্থকেরা সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকায় সড়ক অবরোধ করে। দুপুর সাড়ে ১২টা পর্যন্ত অবরোধ চলে। গতকালও একই দাবিতে দেড় ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখেন কাউন্সিলরের সমর্থকেরা।

অপহূত কাউন্সিলর ও প্যানেল মেয়র-২ নজরুল ইসলামসহ পাঁচজনকে উদ্ধারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে টায়ারে আগুন দেন তাঁর সমর্থকেরা। ছবি: পাপ্পু ভট্টাচার্য্য
অপহূত কাউন্সিলর ও প্যানেল মেয়র-২ নজরুল ইসলামসহ পাঁচজনকে উদ্ধারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে টায়ারে আগুন দেন তাঁর সমর্থকেরা। ছবি: পাপ্পু ভট্টাচার্য্য



পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, অবরোধকারীরা সড়কে টায়ার জ্বালায় ও গাছের গুঁড়িতে অগ্নিসংযোগ করেন। এতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বেলা পৌনে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ অপহূত নজরুলসহ অন্যদের খুঁজে বের করার আশ্বাস দেয়। আশ্বাস পাওয়ার পরে তাঁরা অবরোধ তুলে নেন।

জ্যেষ্ঠ আইনজীবী চন্দন সরকারকে উদ্ধার করার দাবিতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ করেন জেলা আইনজীবীরা। ছবি: পাপ্পু ভট্টাচার্য্য
জ্যেষ্ঠ আইনজীবী চন্দন সরকারকে উদ্ধার করার দাবিতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ করেন জেলা আইনজীবীরা। ছবি: পাপ্পু ভট্টাচার্য্য

এদিকে নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ আইনজীবী চন্দন কুমার সরকার ও তাঁর গাড়ির চালক ইব্রাহিম নিখোঁজ হওয়ার ঘটনায় তাঁদের সন্ধানের দাবিতে সকাল থেকে জেলা বারের আইনজীবীরা আদালত বর্জন করে বিক্ষোভ করেছেন। একপর্যায়ে তাঁরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ করেন এবং জেলা প্রশাসককে স্মারকলিপি দেন। জেলা আইনজীবী সমিতির সভাপতি সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে আইনজীবীদের সমাবেশে বক্তব্য দেন আইনজীবী তৈমুর আলম খন্দকার, আমিনুল হক, আওলাদ হোসেন, জাকির হোসেন, আনিসুর রহমান, খোকন সাহা প্রমুখ।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মতিন জানান, অপহূত কাউন্সিলর নজরুলের সমর্থকেরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন। বুঝিয়ে শান্ত করার পরে তাঁরা অবরোধ তুলে নেন।     

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও প্যানেল মেয়র-২ নজরুল ইসলামসহ পাঁচজনকে গত রোববার দিনদুপুরে গাড়িসহ অপহরণ করা হয়। নারায়ণগঞ্জের আদালত প্রাঙ্গণ থেকে ঢাকায় যাওয়ার পথে ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়ক থেকে তাঁদের অপহরণ করা হয়। একই সড়ক থেকে প্রায় একই সময়ে নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ আইনজীবী চন্দন কুমার সরকার ও তাঁর গাড়ির চালক গাড়িসহ নিখোঁজ হন।

আরও জানতে পড়ুন