অপহৃত কলেজছাত্রীকে উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার আমতলী উপজেলার অপহৃত কলেজছাত্রীকে (১৮) অপহরণের ১৫ দিন পর গতকাল শুক্রবার সকালে উদ্ধার করা হয়েছে। র্যা ব-১১ (নারায়ণগঞ্জ)-এর সদস্যরা নারায়ণগঞ্জের ফতুল্লা থানার রেলপাড়া এলাকার একটি বাড়ি থেকে ওই ছাত্রীকে উদ্ধার করেন।
আমতলী থানার পরিদর্শক (তদন্ত) মো. নুরুল ইসলাম বলেন, ওই ছাত্রীকে র্যা ব-১১-এর সদস্যরা উদ্ধার করে ফতুল্লা থানায় সোপর্দ করেছেন। তাঁকে আমতলীতে আনার জন্য ফতুল্লা থানায় পুলিশ পাঠানো হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা আমতলী থানার উপপরিদর্শক (এসআই) গোলাম মোস্তফা বলেন, ছাত্রীকে আমতলীতে ফিরিয়ে আনার জন্য তিনি গতকাল দুপুরে ফতুল্লার উদ্দেশে রওনা দিয়েছেন।
থানা-পুলিশ ও পরিবার সূত্র জানায়, আমতলী উপজেলার মধ্য আড়পাঙ্গাশিয়া গ্রামের মজিদ তালুকদারের ছেলে রাসেল তালুকদার (২৭) দীর্ঘদিন ধরে আমতলী সরকারি কলেজের ডিগ্রি প্রথম বর্ষের এক ছাত্রীকে উত্ত্যক্ত করে আসছিলেন। একপর্যায়ে রাসেল ওই ছাত্রীকে প্রেমের প্রস্তাব দিলে তিনি তা প্রত্যাখ্যান করেন। এতে ক্ষিপ্ত হন রাসেল। এর জের ধরে গত ১৯ এপ্রিল বিকেলে ওই ছাত্রী তাঁর বোন ও ভগ্নিপতির সঙ্গে বোনের বাড়ি বেড়াতে যাওয়ার সময় রাসেল তালুকদার এবং তাঁর আট সহযোগী তাঁদের ওপর হামলা করেন। এ সময় তাঁরা বোন ও ভগ্নিপতিকে মারধর করে ওই ছাত্রীকে মোটরসাইকেলে তুলে নিয়ে যান।
এ ঘটনায় ছাত্রীর বাবা বাদী হয়ে ২১ এপ্রিল রাসেল তালুকদারকে প্রধান আসামি করে নয়জনের বিরুদ্ধে আমতলী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে অপহরণ মামলা করেন। এরপর পুলিশ ছাত্রীকে উদ্ধারে কয়েক দফা অভিযান চালায়। কিন্তু তাঁকে উদ্ধার করতে পারেনি।
ছাত্রীর বাবা মুঠোফোনে গতকাল দুপুরে প্রথম আলোকে বলেন, বখাটেরা তাঁর মেয়েকে অপহরণ করে নারায়ণগঞ্জের ফতুল্লা থানার রেলপাড়া এলাকার শাহ আলম মিয়ার বাড়ির ভাড়াটে নাজিম উদ্দিনের ঘরে আটকে রাখেন। সেখানে আটকে রেখে তাঁকে বিয়েতে বাধ্য করানোর জন্য ব্যাপক নির্যাতন করেন। বৃহস্পতিবার রাতে প্রতিবেশীরা মেয়ের কান্নাকাটি শোনে র্যা ব-১১ ক্যাম্পে খবর দেন। পরে র্যা ব-১১-এর সদস্যরা শুক্রবার ভোরে ঘটনাস্থল থেকে তাঁকে উদ্ধার করেন। এ সময় বখাটে রাসেল তালুকদার ও তাঁর সহযোগীরা পালিয়ে যান।