অপহৃত কিশোরী দুই মাস পর উদ্ধার
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলা থেকে অপহৃত এক কিশোরীকে দুই মাস পর গত শনিবার রাতে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিছুর রহমান এ তথ্য জানিয়েছেন। থানা-পুলিশ জানায়, গত বছরের ২৯ ডিসেম্বর সন্ধ্যায় প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে উপজেলার এক কৃষকের স্কুলপড়ুয়া মেয়েকে (১৪) অপহরণ করেন একই গ্রামের এক ব্যক্তি। এ ঘটনায় মেয়েটির বাবা বাদী হয়ে গত ২৭ জানুয়ারি চিরিরবন্দর থানায় মামলা করেন।
মামলার তদন্ত কর্মকর্তা চিরিরবন্দর থানার উপপরিদর্শক মো. মমিনুজ্জামান বলেন, গোপন তথ্যের ভিত্তিতে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানা-পুলিশের সহযোগিতায় গত শনিবার রাতে মুড়াপাড়া বাজার থেকে অভিযুক্ত ব্যক্তিকে আটক করে মেয়েটিকে উদ্ধার করা হয়। ডাক্তারি পরীক্ষার জন্য গতকাল তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।