অপহৃত চাকরিজীবী, ছাত্র ও শিশু উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানী থেকে পৃথক ঘটনায় অপহৃত চলচ্চিত্র নির্মাতা প্রতিষ্ঠানের কর্মকর্তা ও এক কলেজছাত্রকে উদ্ধার করেছে পুলিশ৷ অপহরণের তিন দিন পর ফরিদপুরে উদ্ধার করা হয়েছে এক শিশুকে৷ অন্যদিকে, পাবনার ফরিদপুর উপজেলায় গত সোমবার এক দুধ ব্যবসায়ী অপহৃত হয়েছেন৷
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) গতকাল বুধবার ভোররাতে মুিন্সগঞ্জ থেকে জাজ মাল্টিমিডিয়ার হিসাররক্ষণ কর্মকর্তা আবু বকরকে উদ্ধার করে৷ এ ঘটনায় জড়িত অভিযোগে প্রতিষ্ঠানটির এক চাকরিচ্যুত কর্মীসহ চারজনকে গ্রেপ্তার করা হয়।
গতকাল দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে ডিএমপির যুগ্ম কমিশনার মো. মনিরুল ইসলাম এ উদ্ধার অভিযানের বর্ণনা দেন৷ তিনি জানান, গতকাল ভোররাতে ডিবি টঙ্গিবাড়ীর দক্ষিণ পাইকপাড়ার কাজী কসবা গ্রামের একটি বাড়ি থেকে আবু বকরকে উদ্ধার করে।
আবু বকর গত ২৬ এপ্রিল মিরপুরের বাসা থেকে মগবাজারের কর্মস্থলে যাওয়ার পথে নিখোঁজ হন। এ ঘটনায় আগে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শীষ মনোয়ার ও উৎপাদন ব্যবস্থাপক উজ্জ্বলকে গ্রেপ্তার করা হয়েছিল৷ মনিরুল ইসলাম বলেন, তদন্ত করতে গিয়ে পুলিশ জানতে পারে, অপহরণের সঙ্গে জাজ মাল্টিমিডিয়ার সাবেক কর্মকর্তা রফিকুল ইসলাম জড়িত। এ তথ্যের ভিত্তিতে রফিকুলকে গ্রেপ্তার করা হয়। রফিকুলের দেওয়া তথ্যের ভিত্তিতে তাঁর সহযোগী কামরুল হাসান, আরিফ হোসেন ও মইনুল হোসেনকে মিরপুর থেকে গ্রেপ্তার করা হয়। তাঁরা অপহরণে জড়িত থাকার কথা স্বীকার করেছেন৷ তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতেই আবু বকরকে উদ্ধার করা হয়। সন্দেহভাজন অন্য দুই আসামি এরশাদ ও মুসাকে গ্রেপ্তারে চেষ্টা চলছে।
মনিরুল ইসলাম বলেন, উদ্ধার হওয়ার পর আবু বকর তাঁদের বলেছেন, ২৬ এপ্রিল মিরপুর ১০ নম্বর গোল চত্বর এলাকা থেকে বন্ধু রফিকুল তাঁকে গাড়িতে ওঠান। এরপর তাঁকে কোমল পানীয় পান করালে তিনি অজ্ঞানের মতো হয়ে যান। গাড়িতে চালকসহ আরও পাঁচজন ছিলেন। প্রথমে তাঁকে নারায়ণগঞ্জের ফতুল্লার একটি বাড়িতে নিয়ে আটকে রাখা হয়৷ ২৪-২৫ দিন সেখানে থাকার পর মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী এলাকায় নেওয়া হয়।
যুগ্ম কমিশনার বলেন, রফিকুল পুলিশকে বলেছেন, চাকরি চলে যাওয়ায় শীষ মনোয়ারের প্রতি তাঁর ক্ষোভ ছিল। আবু বকরকে অপহরণ করার পর তিনি তাঁর মুঠোফোন থেকে বকরের স্বজনদের খুদে বার্তা পাঠিয়ে বলেন, জাজ মাল্টিমিডিয়ার মালিক আবদুল আজিজ এবং সিইও শীষ মনোয়ার অপহরণে জড়িত৷ তাঁরা সন্ত্রাসী আরমানের সহায়তায় আবু বকরকে অপহরণ করেছেন। রফিকুল বলেন, প্রতিশোধ নেওয়া ছাড়াও তিনি মুক্তিপণ আদায় করতে চেয়েছিলেন। আবু বকরের ভাই মিল্টন পুলিশকে বলেছেন, চিঠি লিখে আবু বকরের জন্য এক কোটি ১০ লাখ টাকা মুক্তিপণ চাওয়া হয়েছিল৷
রাজধানীতে কলেজছাত্র উদ্ধার: ১৭ মে রাজধানীর রূপনগরে কলেজে যাওয়ার পথে নিখোঁজ হওয়া বাংলাদেশ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্র ফারহান জামানকে গত মঙ্গলবার রাতে অসুস্থ অবস্থায় রাজশাহীতে পাওয়া গেছে৷ গতকাল দুপুরে তঁাকে পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ৷
রাজশাহী মহানগর পুলিশের উপকমিশনার প্রলয় চিসিম সংবাদ ব্রিফিংয়ে জানান, ফারহানের মায়ের কাছে ফোন করে অজ্ঞাতনামা ব্যক্তিরা মুক্তিপণ দাবি করে৷ সর্বশেষ যে নম্বর থেকে ফোন করা হয়, তা ট্র্যাক করে অপহরণকারীদের অবস্থান নিশ্চিত হওয়া যায়৷ মঙ্গলবার রাত নয়টার দিকে রাজশাহী রেলস্টেশনের সামনে থেকে ফারহানকে উদ্ধার করা হয়।
পাবনা: পাবনার ফরিদপুর উপজেলার অপহৃত দুধ ব্যবসায়ীর নাম মোহর আলী (৩২)৷ সোমবার রাতে উপজেলার ত্রিমোহনীর বড়াল নদ থেকে আরকান্দি গ্রামের বাসিন্দা মোহরকে অপহরণ করা হয়৷ এ ঘটনায় ফরিদপুর থানায় ১২ জনকে আসামি করে মামলা হয়েছে৷
ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, ঘটনার পর থেকে মামলার আসামিরা পলাতক৷
ঝিনাইদহ: মাদ্রাসার ছাত্র আবদুর রহিমকে (১০) অপহরণ করা চক্রের সন্দেহভাজন চারজনকে মঙ্গলবার রাতে গ্রেপ্তার করেছে পুলিশ৷ তাঁরা হলেন উজ্জ্বল হোসেন, আতিকুর রহমান, জাহিদ হোসেন ও নাজমুল আলম৷ রহিমকে হরিণাকুণ্ডু উপজেলার কুলবাড়িয়া বাজার থেকে ২৩ মে অপহরণ করা হয়৷ পরে তাঁর বাবার কাছে মুঠোফোনে পাঁচ লাখ টাকা মুক্তিপণ চায় অপহরণকারীরা৷ এ ঘটনায় হরিণাকুণ্ডু থানায় মামলা করা হয়৷ চারজনকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) উলফাম হোসেন জানান, রহিমকে উদ্ধারের চেষ্টা চলছে৷
ফরিদপুর: অপহরণের তিন দিন পর মঙ্গলবার সন্ধ্যায় উদ্ধার করা হয়েছে শিশু মাহিন চোকদারকে (৬)৷ নগরকান্দা উপজেলার বিলনালিয়া গ্রামের বাসিন্দা মাহিনকে বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে শনিবার বিকেলে তার চাচাতো ভাই আল-আমিন (১৭) অপহরণ করে বলে অভিযোগ৷ এ ঘটনায় রোববার আল-আমিনকে আসামি করে নগরকান্দা থানায় মামলা করা হয়৷ নগরকান্দা থানার ওসি মো. আফসারউদ্দিন বলেন, পুলিশ অভিযান শুরু করলে মঙ্গলবার সন্ধ্যায় মাহিনকে ফরিদপুর শহরের রাজবাড়ী রাস্তার মোড়ে রেখে পরিবারকে জানিয়ে দেওয়া হয়৷ পরে সেখান থেকে মাহিনকে উদ্ধার করে পুলিশ৷ আল-আমিনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে৷
নাটোর: সদর উপজেলার লক্ষ্মীকোল বাজারের একটি ক্লিনিকের মালিক এমদাদুল হক অপহরণের ঘটনা সাজিয়ে পুলিশের কাছে ধরা পড়েছেন৷ মল্লিকপুর গ্রামের বাসিন্দা এমদাদুল মঙ্গলবার দুপুরে মোটরসাইকেলে উপজেলার আহম্মদপুর বাজার থেকে নাটোর শহরের উদ্দেশে রওনা হন। এর পর থেকে তাঁকে পরিচিতরা কেউ দেখেনি৷ মঙ্গলবার বিকেলে এমদাদুলের মুঠোফোন থেকে তাঁর বাবা মোজাহার আলীর কাছে দুই লাখ টাকা মুক্তিপণ চাওয়া হয়৷ এ ঘটনায় গতকাল বিকেলে সদর থানায় মামলা হয়৷
নাটোর সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার রফিকুল ইসলাম বলেন, মুঠোফোন ট্র্যাকিংয়ের মাধ্যমে গতকাল সন্ধ্যায় রাজশাহী শহরের ভদ্রারমোড় থেকে এমদাদুলকে আটক করে পুলিশ৷ প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে এমদাদুল পুলিশকে জানান, তাঁকে কেউ অপহরণ করেনি৷ অপহৃত হওয়ার কথা বলে বাবার কাছ থেকে ওই মুক্তিপণ তিনি নিজেই চেয়েছিলেন৷
(প্রতিবেদনটি তৈরিতে সহযোগিতা দিয়েছেন নিজস্ব প্রতিবেদক, রাজশাহী ও ঝিনাইদহ এবং নাটোর প্রতিনিধি, পাবনা অফিস ও ফরিদপুর অফিস)