অপহৃত চিকিৎসক উদ্ধার হয়নি, তদন্ত করছে কোস্টগার্ডও
রাজধানীর পল্লবী থেকে দিনে-দুপুরে অপহৃত চিকিৎসক রিয়াদ নাসের চৌধুরীকে (৩৪) এক সপ্তাহ পরও উদ্ধার করতে পারেনি পুলিশ। ঘটনার একাধিক ভিডিও ফুটেজ থাকলেও গতকাল শুক্রবার পর্যন্ত কাউকে শনাক্ত করতে পারেনি তারা।
এ ঘটনায় নাম আসা কোস্টগার্ডের কর্মকর্তা জড়িত কি না, তা খতিয়ে দেখতে তদন্ত করছে কোস্টগার্ডের গঠিত কমিটি।
ওই চিকিৎসকের পরিবারের অভিযোগ, গত ২৯ সেপ্টেম্বর বেলা সোয়া তিনটার দিকে মিরপুর ৭ নম্বর সেকশনে পূরবী সিনেমা হলের উত্তর পাশে একটি টং দোকানের সামনে থেকে রিয়াদ নাসের চৌধুরীকে একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যান কয়েক ব্যক্তি। পরিবারের অভিযোগ, এ ঘটনায় কোস্টগার্ডের একজন কর্মকর্তা জড়িত। রিয়াদ মিরপুর ১১ নম্বর সেকশনে অবস্থিত ইসলামী ব্যাংক হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার।
চিকিৎসকের পরিবার ওই কর্মকর্তা ও তাঁর ভাই এবং কোস্টগার্ডের অপর দুই কর্মকর্তার বিরুদ্ধে ৩ অক্টোবর ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে নালিশি মামলা করেছে। আদালত মামলাটি এ ঘটনায় এর আগে পল্লবী থানায় করা অপহরণ মামলার তদন্তকারী কর্মকর্তার কাছে পাঠানোর নির্দেশ দেন। আদালতে মামলাটি করেন রিয়াদের ছোট ভাই মেধাদ নাসের চৌধুরী।
জানতে চাইলে কোস্টগার্ডের প্রভোস্ট মার্শাল দেওয়ান রফিকুল আওয়াল প্রথম আলোকে বলেন, ‘ওই ঘটনায় কোস্টগার্ডের একজন কর্মকর্তার সংশ্লিষ্টতার অভিযোগ বিভিন্ন পত্রপত্রিকায় এসেছে। তাই বিষয়টি তদন্ত করতে দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তাঁদের সাত দিনের সময় দেওয়া হয়েছে। গত বুধবার থেকে তাঁরা কাজ শুরু করেছেন। তদন্তে কারও সংশ্লিষ্টতার বিষয়টি প্রমাণিত হলে তাঁর বিরুদ্ধে নৌবাহিনীর নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’
আদালতে করা নালিশি মামলার আরজিতে বলা হয়, কোস্টগার্ডের ওই কর্মকর্তার সাবেক স্ত্রী চিকিৎসক। ওই নারী চিকিৎসক রিয়াদের সঙ্গে মাস্টার্স ইন পাবলিক হেলথ করেছিলেন। সহপাঠী হিসেবে দুজনের স্বাভাবিক কথাবার্তায় কোস্টগার্ডের ওই কর্মকর্তা ক্ষিপ্ত হন। এর জের ধরে রিয়াদকে অপহরণ করা হয়েছে।
অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে কোস্টগার্ডের ওই কর্মকর্তার মুঠোফোনে ফোন দিলে তিনি ধরেননি। খুদে বার্তা পাঠালেও তিনি সাড়া দেননি।
অপহরণ মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার উপপরিদর্শক (এসআই) মো. আবু সাঈদ বলেন, ‘কোস্টগার্ডের ওই কর্মকর্তাকে বাদী সন্দেহ করছেন। উনি আমাদের সন্দেহের মধ্যেও রয়েছেন। তবে তাঁর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত আমরা কোনো পদক্ষেপ নিতে পারছি না।’
পুলিশের মিরপুর বিভাগের অতিরিক্ত উপকমিশনার কামাল হোসেন প্রথম আলোকে বলেন, ‘তদন্তে সব দিকই বিবেচনায় রেখেছে পুলিশ। কিছু অগ্রগতিও আছে। অপহৃত চিকিৎসককে উদ্ধার করাই এখন আমাদের মূল লক্ষ্য।’
র্যাব-৪-এর সহকারী পুলিশ সুপার মোস্তফা কামাল বলেন, ‘আমরাও অনুসন্ধান চালাচ্ছি। এখনো অগ্রগতি নেই। ভিডিও ফুটেজ দেখে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে।’
রিয়াদের আরেক ভাই ফাহাদ নাসের চৌধুরী বলেন, ‘পুলিশ, র্যাব, কোস্টগার্ড সবার দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছি। আমরা আমাদের ভাইকে জীবিত ফেরত চাই।’