অপহৃত চিকিৎসককে উদ্ধারে পদক্ষেপ জানতে হাইকোর্টের রুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড় থেকে অপহৃত চিকিৎসক মুহাম্মদ ইকবাল মাহমুদকে উদ্ধার বা সন্ধানে কী পদক্ষেপ নেওয়া হয়েছে তা জানিয়ে ১০ দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে গতকাল রোববার বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি মো. ফারুকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।

এই চিকিৎসকের পরিবার বলেছে, গত ১৫ অক্টোবর ইকবালকে অপহরণ করা হয়। তাঁকে উদ্ধারে বিবাদীদের নিষ্ক্রিয়তা চ্যালেঞ্জ করে গত মঙ্গলবার রিটটি করেন তাঁর বাবা এ কে এম নুরুল আলম। এতে স্বরাষ্ট্রসচিব, পুলিশের মহাপরিদর্শক, র‍্যাবের মহাপরিচালক, ঢাকা মহানগর পুলিশ কমিশনার, পুলিশের উপকমিশনার (দক্ষিণ), গোয়েন্দা পুলিশের উপকমিশনার, র‍্যাব-২, র‍্যাব-৩ ও র‍্যাব-১১-এর কমান্ডার ও ধানমন্ডি থানার ওসিকে বিবাদী করা হয়েছে।

রুলে ভিডিও ফুটেজ গ্রহণের পর এখন পর্যন্ত ক্ষতিগ্রস্ত ব্যক্তির (ইকবাল মাহমুদ) সন্ধান বা উদ্ধারে বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন দায়িত্বে অবহেলা হিসেবে ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়।

আদালতে আবেদনকারীর পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মাহবুবুর রহমান ও জিয়াউদ্দিন কাশেম। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমাতুল করীম। আদেশের পর তিনি প্রথম আলোকে বলেন, চার সপ্তাহের মধ্যে বিবাদীদের রুলের জবাব দিতে বলা হয়েছে। উদ্ধারে নেওয়া পদক্ষেপ জানিয়ে ১০ দিনের মধ্যে বিবাদীদের আদালতে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

ইকবাল কুমিল্লা মেডিকেল কলেজের চিকিৎসক। গত ১০ অক্টোবর তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে অবেদনবিদ্যায় (অ্যানেসথেশিয়া) দুই মাসের প্রশিক্ষণ নিতে ঢাকায় এসেছিলেন। এরপর তিনি লক্ষ্মীপুরে স্ত্রী ও ছেলেমেয়ের সঙ্গে ছুটি কাটিয়ে গত ১৫ অক্টোবর রাতে ঢাকায় ফিরে অপহৃত হন। পরে ওই এলাকা থেকে তাঁর পরিবার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে।