অপহৃত ছাত্রলীগের নেতা উদ্ধার, গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফের হ্নীলা ইউনিয়ন থেকে অপহৃত ছাত্রলীগের এক নেতাকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
উদ্ধার হওয়া জাকের হোছাইন হ্নীলা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক। সে রঙ্গিখালী ফাজিল মাদ্রাসার নবম শ্রেণির ছাত্র।
স্থানীয় সূত্রের ভাষ্যমতে, গত শুক্রবার বেলা একটার দিকে রঙ্গিখালী এলাকার নিজ বাড়ির সামনে থেকে একই এলাকার চার ব্যক্তি জাকেরকে অটোরিকশায় তুলে নিয়ে যায়। পরে মুক্তিপণ হিসেবে তার পরিবারের কাছে তিন লাখ টাকা দাবি করে। এ ঘটনায় জাকেরের বাবা শুক্রবার রাতে থানায় মামলা করেন।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মজিদ প্রথম আলোকে বলেন, এ ঘটনায় গতকাল শনিবার দুপুরে রঙ্গিখালী এলাকায় অভিযান চালিয়ে নুরুল আলম নুরু (৪৫) ও তাঁর ছেলে মিজানুর রহমানকে (২০) গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে গতকাল বিকেল পাঁচটার দিকে উপজেলার বাহারছড়া ইউনিয়নের বড়ডেইল পাহাড়ি এলাকা থেকে জাকেরকে উদ্ধার করা হয়।