অপহৃত ছাত্রী ও তরুণ উদ্ধার, গ্রেপ্তার ৩
যশোরের অভয়নগর ও নড়াইলের কালিয়া উপজেলায় গত শুক্রবার রাতে পৃথক অভিযান চালিয়ে অপহৃত স্কুলছাত্রী ও এক তরুণকে উদ্ধার করেছে পুলিশ। তিন ‘অপহরণকারীকে’ গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার করা তিনজন হলেন সজীব সরদার (২০), সেলিম গাজী (২৮) ও মিশর ওরফে রিপন (২২)।
পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার বাসুয়াড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে গত মঙ্গলবার বিদ্যালয়ের সামনে থেকে অপহরণ করা হয়। এ ঘটনায় শুক্রবার সজীবকে আসামি করে অভয়নগর থানায় মামলা করা হয়। শুক্রবার রাতে পুলিশ নড়াইলের কালিয়া উপজেলার জামরিলডাঙ্গা গ্রামের বাড়ি থেকে সজীবকে গ্রেপ্তার করে। এ সময় ওই বাড়ি থেকে স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়।
এদিকে গত বৃহস্পতিবার রাতে অভয়নগর উপজেলার নাউলী গ্রামের একটি পানের বরজ থেকে মতিউর রহমান (২০) নামের এক তরুণকে অপহরণ করা হয়। এরপর তাঁর বাবার মুঠোফোনে যোগাযোগ করে ৫০ হাজার টাকা মুক্তিপণ চাওয়া হয়। মতিউরের বাবা আয়ুব আলী শেখ বিষয়টি অভয়নগর থানা-পুলিশকে জানান। পুলিশ শুক্রবার রাতে অভিযান চালিয়ে উপজেলার সিদ্দিপাশা গ্রাম থেকে সেলিম গাজীকে এবং নাউলী গ্রাম থেকে রিপনকে গ্রেপ্তার করে। এ সময় রিপনের বাড়ি থেকে মতিউরকে উদ্ধার করা হয়।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাসির উদ্দীন গতকাল শনিবার প্রথম আলোকে জানান, গ্রেপ্তার করা তিনজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।