অপহৃত ছাত্রীকে উদ্ধারের দাবিতে মানববন্ধন
দিনাজপুরের খানসামা থেকে ১১ দিন আগে অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার ও অপহরণকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন সর্বস্তরের মানুষ। উপজেলার মাদারডাঙ্গা গ্রামের টংগুয়া আদর্শ উচ্চবিদ্যালয় মাঠে গতকাল মঙ্গলবার ওই মানববন্ধন হয়।
ওই ছাত্রী স্থানীয় এক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। তার বাড়ি উপজেলার ভেড়ভেড়ি ইউনিয়নে।
মানববন্ধনে সভাপতিত্ব করেন টংগুয়া আদর্শ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সতীশ চন্দ্র রায়। এতে ওই ছাত্রীর বিদ্যালয়ের শিক্ষক, সহপাঠীসহ তিনি শতাধিক ছাত্রছাত্রী ও এলাকার সর্বস্তরের সাত শতাধিক মানুষ অংশ নেয়। মানববন্ধনে অপহৃত স্কুলছাত্রীর সহপাঠীরা বলে, ১৯ মার্চ দুপুরে তাদের সহপাঠী অপহৃত হয়। এরপরও ১১ দিনে তাদের সহপাঠী উদ্ধার হয়নি। এ কারণে তাদের মধ্যেও আতঙ্ক বিরাজ করছে।
এ ব্যাপারে খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃষ্ণ সরকার গতকাল সন্ধ্যায় মুঠোফোনে প্রথম আলোকে বলেন, এ ঘটনায় ওই ছাত্রীর ভাই ওই দিনই (১৯ মার্চ) একটি অপহরণ মামলা করেন। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে ঘটনাটি অপহরণ নয়। ছাত্রীটির যে ছেলের সঙ্গে সম্পর্ক ছিল, সে সেই ছেলের সঙ্গে পালিয়ে গেছে।