অপহৃত জেলেদের উদ্ধার ও নিরাপত্তার দাবিতে মানববন্ধন
জলদস্যুদের আটক, তাদের হাতে অপহৃত জেলেদের উদ্ধার ও জেলেদের নিরাপত্তার দাবিতে পটুয়াখালীতে মানববন্ধন করেছেন ক্ষতিগ্রস্ত জেলেরা। বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির উদ্যোগে গত সোমবার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ওই মানববন্ধন করা হয়। দাবি আদায়ে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়।
স্মারকলিপিতে বলা হয়, মৌসুমের শুরু থেকে গত নয় মাসে পটুয়াখালী, বরগুনা, ভোলা ও পিরোজপুর জেলার প্রায় দুই হাজার ট্রলার জলদস্যুদের হামলার শিকার হয়েছে। এতে নিহত হয়েছেন ৮৬ জন জেলে। জলদস্যুরা ট্রলার, মাছ, জাল, জ্বালানিসহ কয়েক কোটি টাকার সম্পদ লুট করে নিয়েছে। এ পর্যন্ত ৪৯৬ জন জেলেকে অপহরণসহ অন্তত ১০০টি ট্রলার নিয়ে মুক্তিপণ দাবি করা হয়েছে।
মানববন্ধন চলাকালে সমাবেশে বক্তব্য দেন ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সিকদার, জেলা সভাপতি মামুন খোন্দকার প্রমুখ। বক্তারা বলেন, দস্যু-আতঙ্ক থাকলেও পেটের তাগিদে তাঁরা সাগরে যেতে বাধ্য হন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সাগরে নিরাপত্তা জোরদার করলে জলদস্যুদের তৎপরতা কমে আসবে বলে মনে করেন তাঁরা।