অপহৃত তিন স্কুলছাত্র উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের ফলগাছা ও দেওডোবা গ্রাম থেকে অপহৃত তিন স্কুলছাত্রকে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালি ইউনিয়ন থেকে উদ্ধার করেছে পুলিশ।
উদ্ধার হওয়া শিক্ষার্থীরা হলো ফলগাছা গ্রামের শহিদুল ইসলামের ছেলে শিমুল মিয়া (১৪), একই গ্রামের আবদুল মাজেদের ছেলে শামিম মিয়া (১৩) ও একই ইউনিয়নের দেওডোবা গ্রামের নুরু মিয়ার ছেলে অন্তর মিয়া (১৪)।
এলাকার কয়েকজন বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, শিমুল তার দুই বন্ধু শামিম ও অন্তরকে নিয়ে গত শুক্রবার বিকেলে পাশ্ববর্তী চৌধুরানী বাজারে বই কিনতে যায়। সন্ধ্যা পেরিয়ে গেলেও তারা বাড়ি ফেরেনি। পরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান মেলেনি। তাদের কাছে থাকা মুঠোফোনও বন্ধ পাওয়া যায়। ঘটনার পরদিন গত শনিবার শিমুলের বাবা শহিদুলকে মুঠোফোনে বলা হয়, ‘আমি কক্সবাজার থেকে বলছি। আমি তোমার ভাই শরিফুল ইসলামের কাছে তিন লাখ টাকা পাই। টাকা না দিলে তোমার ছেলেসহ তিনজনকে পাবে না।’ পরে তাঁর মুঠোফোন কখনো বন্ধ, কখনো চালু পাওয়া যায়। চালু পাওয়া গেলেও ফোন রিসিভ করা হয় না।
সুন্দরগঞ্জ থানার ওসি আতিয়ার রহমান বলেন, শিক্ষার্থীদের পরিবার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে। পরে একটি মুঠোফোন থেকে আশরাফুল ও মোস্তা নামের দুই ব্যক্তি বিকাশের মাধ্যমে মোটা অঙ্কের টাকা দাবি করে। বিকাশ নম্বরের সূত্র ধরে গতকাল সন্ধ্যা সাতটার দিকে উখিয়া পুলিশের সহায়তায় ওই তিন স্কুলছাত্রকে উদ্ধার করা হয়। উখিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. কায়কিসলু বলেন, উদ্ধার হওয়া তিন ছাত্রকে সুন্দরগঞ্জ থানা-পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
এ নিয়ে গতকাল প্রথম আলোর বিশাল বাংলা পাতায় ‘সুন্দরগঞ্জে তিন স্কুলছাত্রকে অপহরণের অভিযোগ’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।