অপহৃত দুই তামাকচাষি মুক্তিপণ দিয়ে মুক্ত
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার দুর্গম এলাকা থেকে অপহৃত দুই তামাকচাষি দুই লাখ টাকা মুক্তিপণের বিনিময়ে গতকাল মঙ্গলবার ছাড়া পেয়েছেন। গত শনিবার অস্ত্রধারী দুর্বৃত্তরা উপজেলার হায়দারঝিরি এলাকা থেকে তাঁদের অপহরণ করেছিল।
জানতে চাইলে স্থানীয় দোছড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হাবিব উল্লাহ প্রথম আলোকে বলেন, মুক্তিপণ পৌঁছে দেওয়ার পর গতকাল বেলা ১১টার দিকে আলীকদম ও নাইক্ষ্যংছড়ি—দুই উপজেলার সীমানার পাহাড় থেকে অপহরণকারীরা তামাকচাষি আলী আহমদ (৬০) ও শামসুল আলমকে (৪৫) ছেড়ে দেয়। তাঁরা প্রায় পাঁচ ঘণ্টা হেঁটে বিকেলে দোছড়ি ইউনিয়নের হায়দারঝিরিতে পৌঁছান। তাঁরা সেখানে তামাক চাষ করলেও দুজনই রামু উপজেলার গর্জনিয়া এলাকার বাসিন্দা।
গর্জনিয়া ইউপি সদস্য ও ছাড়া পাওয়া আলী আহমদের স্ত্রীর বড় ভাই আবদুল জব্বার বলেন, অপহরণকারীরা তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করেছিল। পরে দুই লাখ টাকায় রফা হয়। তিনি আরও বলেন, মুক্তি পাওয়ার পর দুজনেই বাড়ি এসে জানিয়েছেন অপহরণকারীরা সংখ্যায় ছিল আটজন। তারা সবাই ত্রিপুরা ভাষায় কথা বলছিল। তাদের সবার হাতে অস্ত্র ছিল। পরনে ছিল সেনাবাহিনীর পোশাকের মতো পোশাক।
পুলিশের কর্মকর্তারা বলছেন, শনিবার রাতে হায়দারঝিরি এলাকার তিন তামাকচাষিকে অপহরণ করলেও আবদুল আলীম নামের একজন পালিয়ে আসেন।
গত ১৩ জুন উহ্লামং মারমা নামের একজনকে মোটরসাইকেল থামিয়ে অপহরণ করা হয়েছিল। তাঁকেও খুঁজে পাওয়া যাচ্ছে না।
নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ কবীর বলেন, পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অভিযানের মুখে অপহরণকারীরা চাপের মুখে পড়ে। এ অবস্থায় তারা দুজনকে ছেড়ে দিয়ে পালাতে বাধ্য হয়। মুক্তিপণ দেওয়ার বিষয়টি তাঁর জানা নেই।