অপহৃত দুই শিশু আট দিনেও উদ্ধার হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের লালপুর উপজেলার আবদুলপুরে ১০ লাখ টাকা মুক্তিপণের দাবিতে আট দিন আগে দুই স্কুলছাত্রকে অপহরণ করেছে দুর্বৃত্তরা। এ ব্যাপারে লালপুর থানায় পৃথক দুটি সাধারণ ডায়েরি (জিডি) করা হলেও এ পর্যন্ত অপহৃত শিশু দুটিকে উদ্ধার করতে পারেনি পুলিশ।
অপহৃত দুই শিশুর নাম রাব্বী হোসেন (১৪) ও রাহেল হোসেন (১২)। রাব্বী আবদুলপুর গ্রামের মুকুল হোসেনের ছেলে। আর রাহেল দেলুয়া গ্রামের কামরুল হোসেনের ছেলে। সম্পর্কে তারা মামাতো-ফুফাতো ভাই।
রাব্বীর বাবা মুকুল হোসেন বলেন, তাঁর বোনের ছেলে রাহেল হোসেন গরমের ছুটি কাটাতে কিছুদিন আগে তাঁর বাড়িতে বেড়াতে আসে। গত ২৫ মে দুপুরে খাওয়াদাওয়া শেষে রাহেল ও রাব্বী বাড়ির পাশের আমবাগানে গিয়ে বসে ছিল। পরে আর তারা বাড়ি ফিরে আসেনি। গত ২৭ মে তিনি ও রাহেলের বাবা লালপুর থানায় দুটি পৃথক জিডি করেন। মুকুল হোসেন বলেন, ‘ফোনে বাচ্চাদের মুক্তির কথা বলে আমাদের কাছে ১০ লাখ টাকা দাবি করা হচ্ছে। বাচ্চাদের খাবার খরচ বাবদ গত মঙ্গলবার সকালে বিকাশে আমরা আট হাজার টাকা পাঠিয়েছি। কিন্তু বাচ্চাদের ফিরে পাচ্ছি না। আমরা বাচ্চাদের জীবন নিয়ে শঙ্কিত।’
আট দিন পেরিয়ে গেলেও পুলিশ ওই শিশুদের উদ্ধার করতে পারেনি। লালপুর থানার ওসি আবদুল হাই তালুকদার বলেন, শিশু দুটিকে উদ্ধারের চেষ্টা চলছে। গতকাল সন্ধ্যায় তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।