বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের দুর্গম হায়দারঝিরি গ্রাম থেকে গত শনিবার গভীর রাতে অপহৃত তিনজনের মধ্যে দুজনের সন্ধান মেলেনি।
পুলিশ জানায়, একদল অস্ত্রধারী গত শনিবার গভীর রাতে হায়দারঝিরি গ্রামের একটি খামারবাড়ি থেকে আলী আহমদ, শামশুল আলম ও মো. আবদুল্লাহ নামের তিন দিনমজুরকে অপহরণ করে গহিন জঙ্গলে নিয়ে যায়। পরদিন রোববার সকালে সেখান থেকে কৌশলে পালিয়ে আসতে সক্ষম হন মো. আবদুল্লাহ। এরপর সন্ত্রাসীরা অপহৃত দুজনকে নিয়ে আরও গহিন জঙ্গলে পালিয়ে গেছে।
অপহৃত আলী আহমদের বাড়ি কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের জাউচপাড়া গ্রামে ও শামশুল আলমের বাড়ি একই উপজেলার থোয়াংগেরকাটা গ্রামে। তাঁরা হায়দারঝিরি গ্রামে তামাকখেতে দিনমজুরের কাজ করেন।
বাইশারী পুলিশ তদন্তকেন্দ্রের এসআই আবু মুছা বলেন, অস্ত্রধারীরা মুক্তিপণের জন্য তিনজনকে অপহরণ করে। একজন পালিয়ে আসার পর দুর্বৃত্তরা সতর্ক হয়ে গেছে। তারা দ্রুত অবস্থান পরিবর্তন করছে। এ কারণে তাদের অবস্থান শনাক্ত করা যাচ্ছে না।
বাইশারীর পাশের ইউনিয়ন দোছড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হাবিব উল্লাহ বলেন, গত রোববার সকালে দুর্বৃত্তদের হাত থেকে কৌশলে পালিয়ে আসেন অপহৃত মো. আবদুল্লাহ। এরপর তিনি তাঁকে পুলিশের কাছে নিয়ে যান।
বাইশারী ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলম বলেন, গতকাল বিকেল চারটা পর্যন্ত পরিবারের সঙ্গে অপহরণকারীরা যোগাযোগ করেনি।
অপহরণকারীদের আস্তানা থেকে ফিরে আসা রামুর আবদুল্লাহ বলেন, অস্ত্রধারী আটজন অপহরণকারী শনিবার রাত সাড়ে ১১টার দিকে খামারবাড়ি থেকে তাঁদের অপহরণ করে পাহাড়ের একটি আস্তানায় নিয়ে যায়। ওই আস্তানায় খাদ্যসামগ্রীও মজুত আছে। সন্ত্রাসীরা প্রতিজনের কাছ থেকে এক লাখ টাকা করে মুক্তিপণ দাবি করে। রোববার সকালে তিনি কৌশলে হাতের রশি খুলে পালিয়ে আসেন।
নাইক্ষ্যংছড়ি থানার ওসি তৌহিদ কবির বলেন, অপহৃত দুই ব্যক্তিকে উদ্ধারের চেষ্টা চলছে।