অপহৃত প্রকৌশলীর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অপহরণের এক দিন পর গতকাল শুক্রবার ঢাকার কেরানীগঞ্জ থেকে ছিদ্দিক আহমেদ (৬৫) নামের এক প্রকৌশলীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার পুলিশ গতকাল সকাল ১০টার দিকে আইন্তা এলাকা থেকে ছিদ্দিক আহমেদের লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশটি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

ছিদ্দিক আহমেদের ছেলে নুরুল ইসলাম সাংবাদিকদের জানান, তাঁর বাবা বিটকো গ্রুপে ‘প্রজেক্ট ইঞ্জিনিয়ার’ হিসেবে কর্মরত ছিলেন। বিটকোর অফিস কেরানীগঞ্জের হাসনাবাদে বসুন্ধরা রিভারভিউ এলাকায়। তাঁর বাবা গত বুধবার সন্ধ্যায় অফিস থেকে বের হয়ে রাজধানীর মোহাম্মদপুরের বাসার উদ্দেশে যাত্রা করেন। এরপর থেকে তাঁর সন্ধান পাওয়া যাচ্ছিল না। পরে এক ব্যক্তি তাঁর ও বিটকো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিদারুল আলমের মুঠোফোনে যোগাযোগ করে বলেন, তাঁর বাবাকে অপহরণ করা হয়েছে। সে সময় মুক্তিপণ বাবদ ২ লাখ টাকাও দাবি করা হয়।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রকৌশলী ছিদ্দিক আহমেদকে শ্বাসরোধে হত্যার পর লাশ আইন্তা এলাকায় ফেলে গেছে দুর্বৃত্তরা। তিনি জানান, এ ঘটনায় নিহত প্রকৌশলীর ছেলে নুরুল ইসলাম হত্যা মামলা করেছেন।