অপহৃত বোন উদ্ধার, প্রধান আসামি গ্রেপ্তার
ভাইকে খুন করে বোনকে অপহরণের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি শিপন হোসেনকে (২৮) গত শনিবার গ্রেপ্তার করেছে জয়পুরহাট সদর থানা পুলিশ। এ নিয়ে এ মামলায় ছয়জনকে গ্রেপ্তার করা হলো। এ ছাড়া অপহৃত ওই নারীকেও উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, ওই দিন গভীর রাতে সদর উপজেলার ভাদসা লাইলীপাড়া গ্রামের কসাই জামাল উদ্দীনের বাড়ি থেকে শিপনকে গ্রেপ্তার ও অপহৃত নারীকে উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া ওই নারী জানান, শুক্রবার রাতে শিপন দলবল নিয়ে তাঁর বাবার বাড়িতে হানা দেন। তাঁকে জোর করে তুলে নিয়ে যাওয়ার সময় বড় ভাই শফিউল আলম বাধা দিলে তাঁকে ছুরিকাঘাত করে তারা। পরে আহত শফিউল হাসপাতালে মৃত্যুবরণ করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও সদর থানার উপপরিদর্শক (এসআই) আসাদুর রহমান জানান, এ ঘটনায় গত শনিবার শফিউলের মামাতো ভাই হাফিজার রহমান ১৮ জনকে আসামি করে মামলা করেন। তবে ঘটনার রাতে যে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছিল, তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আর শিপনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।