অপহৃত ব্যবসায়ী বগুড়ায় উদ্ধার
ফরিদপুরের বোয়ালমারী উপজেলা থেকে অপহৃত ব্যবসায়ী আবু সাঈদ মোল্লাকে (৫৫) বগুড়ার নন্দীগ্রাম উপজেলার গছাইল গ্রামের একটি আস্তানা থেকে উদ্ধার করা হয়েছে।
নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী বলেন, বোয়ালমারী থানা-পুলিশের দেওয়া মুঠোফোনের খুদে বার্তার তথ্যের ভিত্তিতে গত রোববার রাতে গছাইল গ্রামের ওই আস্তানায় অভিযান চালিয়ে আবু সাঈদকে উদ্ধার করা হয়। একই সঙ্গে অপহরণকারী দলের দুই সদস্য নাজমুল হোসেন (২৫) এবং আবদুল বারীকে (৪০) গ্রেপ্তার করা হয়। উদ্ধার হওয়া ওই ব্যবসায়ী বোয়ালমারীর বাহিরনগর গ্রামের বাসিন্দা। তাঁকে শনিবার একই উপজেলার সাতুইর বাজার থেকে অপহরণ করা হয়।
আবু সাঈদ জানান, গছাইল গ্রামের মকবুল হোসেন পাওনা ১০ হাজার টাকা পরিশোধ করার কথা বলে ২৬ এপ্রিল তাঁকে সাতুইর বাজারে আসতে বলেন। এরপর সেখান থেকে অপহরণ করে তাঁকে গছাইল গ্রামের আস্তানায় আনা হয়।
পুলিশ জানায়, পাঁচ লাখ টাকা না পেলে সাঈদকে হত্যা করা হবে বলে তাঁর পরিবারকে মুঠোফোনে জানিয়ে দেওয়া হয়। সাঈদের পরিবার বিষয়টি বোয়ালমারী থানা-পুলিশকে জানায়। বোয়ালমারীর পুলিশ বিষয়টি নন্দীগ্রাম থানা-পুলিশকে জানালে আবু সাঈদকে উদ্ধার করা হয়।