গ্রেপ্তারের পর কলেজ শাখা ছাত্রলীগের তিন নেতা রিমান্ডে
অপহৃত ব্যবসায়ীকে তিতুমীর কলেজ ছাত্রাবাস থেকে উদ্ধার
ব্যবসায়ীকে অপহরণের অভিযোগে রাজধানীর তিতুমীর কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম-সম্পাদকসহ তিনজনের এক দিনের করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল শুক্রবার ঢাকার মহানগর হাকিম মেহের নিগার এই আদেশ দেন। গত বৃহস্পতিবার রাতে মানি এক্সচেঞ্জ ব্যবসায়ী মো. তৌফিক মোল্লাকে তাঁরা অপহরণ করেন।
ছাত্রলীগের এই তিন নেতা হলেন তিতুমীর কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক নুরুজ্জামান উজ্জ্বল (২৭), সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল্লাহ (২৪) এবং তিতুমীর কলেজের ছাত্র ও গুলশান থানা ছাত্রলীগের জ্যেষ্ঠ সহসভাপতি মারুফ হাসান (২৬)।
মামলার বিবরণ থেকে জানা যায়, গত বৃহস্পতিবার রাতে মানি এক্সচেঞ্জ ব্যবসায়ী মো. তৌফিক মোল্লাকে মহাখালীর পর্যটন হোটেলের সামনে থেকে অপহরণ করা হয়। এরপর তাঁকে তিতুমীর কলেজ ছাত্রাবাসে আটক রাখা হয়। পরে অপহরণকারীরা তাঁর কাছ থেকে ১ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন এবং তাঁকে বেধড়ক মারধর করেন। পরে খবর পেয়ে বনানী থানা-পুলিশ ছাত্রাবাস থেকে তাঁকে উদ্ধার করে। এ সময় সেখানে থাকা তিন ছাত্রকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় তৌফিক বাদীসহ ছাত্রলীগের এই তিন নেতাসহ সাতজনের বিরুদ্ধে মামলা করেন।
মামলার তদন্ত কর্মকর্তা বনানী থানার উপপরিদর্শক মাহাবুব আলম আসামিদের আদালতে হাজির করে সাত দিন রিমান্ডে নেওয়ার আবেদন করেন। রিমান্ড আবেদনে বলা হয়েছে, আসামিরা পিস্তল ঠেকিয়ে তৌফিক মোল্লাকে তুলে নিয়ে তিতুমীর কলেজের আঁখি ছাত্রাবাসের ৩০৮ নম্বর কক্ষে আটক রাখেন। পরে তাঁর কাছে থাকা ২০ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়।
জানতে চাইলে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহ উদ্দিন খান প্রথম আলোকে বলেন, তৌফিক নামের এক লোককে তুলে নিয়ে মুক্তিপণ আদায় ও মারধরের অভিযোগে আসামিদের গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়। জিজ্ঞাসাবাদের জন্য আদালত তাঁদের রিমান্ড মঞ্জুর করেন।
তিতুমীর কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি কাজী মিরাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, তিতুমীর কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ, যুগ্ম সম্পাদক নুরুজ্জামান উজ্জ্বল এবং গুলশান থানা ছাত্রলীগের জ্যেষ্ঠ সভাপতি মারুফ হাসানকে অপহরণ মামলায় গ্রেপ্তার করেছে বনানী থানার পুলিশ।
বাদীসহ সংশ্লিষ্ট লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, গোপালগঞ্জের বাসিন্দা তৌফিকের কাছে ১ লাখ টাকা পেতেন আসামি সোপেন। টাকা উদ্ধারের জন্য তিতুমীর কলেজ ছাত্রলীগের এই তিন নেতার সহায়তা নেন মামলার এজহারনামীয় আসামি সোপেন, অপু বিশ্বাস, আশিক ও সেলিম। সোপেনের পরিকল্পনায় ছাত্রলীগের এই তিন নেতাসহ অন্য আসামিরা বাদী তৌফিককে তুলে নিয়ে আটকে রেখে মুক্তিপণ দাবি করেন।
তৌফিক প্রথম আলোকে বলেন, ‘ছাত্ররা আমাকে তুলে নিয়ে আটক করে রাখে। এরপর মারধর করে ও জামা-কাপড় ছিঁড়ে ফেলে।’