
অপহরণের দুই বছর পরও কোনো সন্ধান মেলেনি ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পাট ও বীজ ব্যবসায়ী কলম মাতুব্বরের। তাঁকে উদ্ধারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পালিত হয়েছে।
গতকাল শনিবার বেলা ১১টার দিকে এলাকাবাসী ও সচেতন মহলের ব্যানারে উপজেলার ঘারুয়া ইউনিয়নের ঘারুয়া বাজারে এই কর্মসূচি পালন করা হয়। কলম মাতুব্বরের বাড়ি উপজেলার ঘারুয়া ইউনিয়নের চৌকিঘাটা গ্রামে।
মানববন্ধন চলাকালে বক্তব্য দেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান শেখ শাহিনুর, ঘারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সফিউদ্দিন মোল্লা, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি তৈয়াবুর রহমান, কলমের বাবা জালাল মাতুব্বর প্রমুখ।
বক্তারা বলেন, কলম মাতুব্বর দীর্ঘদিন ধরে নিখোঁজ থাকলেও পুলিশ এ ঘটনার কোনো রহস্য উদ্ঘাটন করতে পারেনি। কলমকে শিগগিরই উদ্ধার করা হোক। কলমের সন্ধান না পেয়ে তাঁর পরিবারের সদস্যরা উদ্বিগ্ন। তাঁরা জানেন না কলম এখনো বেঁচে আছেন কি না। যদি তিনি বেঁচে না থাকেন, তাহলে পুলিশ যেন তাঁর কঙ্কাল উদ্ধার করে পরিবারের সদস্যদের দেয়। তাতেও অন্তত তাঁরা সান্ত্বনা পাবেন।
মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের করা হয়। এতে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন অংশ নেন।
২০১৫ সালের ৬ সেপ্টেম্বর রাতে ঘারুয়া বাজারে গিয়ে অপহরণের শিকার হন ব্যবসায়ী কলম মাতুব্বর। দুই দিন পর ৮ সেপ্টেম্বর চারজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও তিনজনকে আসামি করে ভাঙ্গা থানায় অপহরণের মামলা করা হয়।
জানতে চাইলে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আবদুল্লাহ বলেন, মামলাটি প্রথমে ভাঙ্গা থানার পুলিশ তদন্ত করলেও বর্তমানে তদন্ত করছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
এই মামলার তদন্তকারী কর্মকর্তা ফরিদপুর ডিবির উপপরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম গতকাল বিকেলে বলেন, মামলাটির তদন্তকাজ অব্যাহত রয়েছে। অপহৃত ব্যবসায়ীর মুঠোফোনের কললিস্ট যাচাই-বাছাই করে দেখা হচ্ছে।