অপহৃত ভারতীয় উদ্ধার বাংলাদেশি যুবক আটক
অপহরণের শিকার এক ভারতীয় কিশোরকে গত সোমবার রাতে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার আহম্মদনগর এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় বাংলাদেশি এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় হওয়া মামলায় গতকাল মঙ্গলবার তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।
উদ্ধার হওয়া কিশোরের নাম দাজেদ সিয়ানলিয়া (১৭)। সে ভারতের মেঘালয় রাজ্যের খাসি পার্বত্য জেলার নংস্তৈনেরমইরাং গ্রামের রেজো ডেফাইমইতের ছেলে। গ্রেপ্তার হওয়া যুবকের নাম মো. আলম (৩০)। তিনি ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ভালুয়াকুড়া গ্রামের বাসিন্দা।
শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আমিনুল ইসলাম গতকাল প্রথম আলোকে বলেন, উদ্ধার হওয়া দাজেদ খাসি জাতিসত্তার। সে বাংলা, হিন্দি বা ইংরেজি ভাষা বলতে ও বুঝতে পারে না। এ কারণে তাকে জিজ্ঞাসাবাদে সমস্যা হচ্ছে। অপহরণকারী চক্রের অন্য সদস্যদের ধরার চেষ্টা চলছে।
থানা-পুলিশ সূত্রে জানা যায়, তিন দিন আগে আলম ও তাঁর এক সহযোগী বাংলাদেশ-ভারত সীমান্তের সুনামগঞ্জ এলাকা থেকে দাজেদ সিয়ানলিয়াকে অপহরণ করেন। তাঁরা মুঠোফোনের মাধ্যমে দাজেদের পরিবারের কাছে ৬০ লাখ রুপি মুক্তিপণ দাবি করেন। বিষয়টি দাজেদের পরিবার মেঘালয়ের পুলিশকে জানায়। মেঘালয়ের খাসি পার্বত্য জেলার পুলিশ সুপার (এসপি) ই-মেইল বার্তার মাধ্যমে ঘটনাটি শেরপুরের এসপিকে জানান। ই-মেইল বার্তায় পাওয়া তথ্যের ভিত্তিতে শেরপুরের এসপি রফিকুল হাসান গণি প্রযুক্তির মাধ্যমে মুঠোফোন অনুসরণ করে (ট্র্যাকিং) আলমের অবস্থান শনাক্ত করেন। সোমবার রাত ১০টার দিকে এসপি রফিকুল হাসান গণির নেতৃত্বে পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে আহম্মদনগর এলাকা থেকে দাজেদকে উদ্ধার ও আলমকে আটক করেন।
মামলাটির তদন্ত কর্মকর্তা ও ঝিনাইগাতী থানার উপপরিদর্শক (এসআই) মো. জহুরুল হক বলেন, দাজেদ ও আলমকে গতকাল আদালতে হাজির করা হয়। আলমকে কারাগারে পাঠানো হয়েছে। দাজেদকে এক দিনের জন্য থানা হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। আজ বুধবার এ বিষয়ে শুনানি হবে।